বাংলাদেশী নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। দুই দশকের বেশি অভিনয় জীবন তার। এ দীর্ঘ সময়ে একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের এ সিনেমার অভিজ্ঞতা অপূর্বর জন্য মোটেও সুখকর ছিল না। তবে তাকে নিয়ে একাধিক প্রযোজক ও পরিচালক চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশের খবর শোনা গিয়েছিল। কিন্তু কোনোটিকে হ্যাঁ বলেননি। গত বছর সেপ্টেম্বরে যখন রাজি হলেন, তা আর বাংলাদেশে ছিল না। ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজক ও পরিচালকের আগ্রহে সেখানকার সিনেমায় কাজের জন্য কথা বলেন তিনি। এরপর গল্প পছন্দ হলে সিনেমাটিতে অভিনয় করতে সম্মত হন। পশ্চিমবঙ্গের পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়েই টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে চালচিত্রর প্রযোজক ফিরদাউসুল হাসান জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পোস্টারটি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না, কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

পোস্টারে একক ও অন্য রকম আবহে তুলে ধরা হয়েছে অপূর্বকে। এ সিনেমার মাধ্যমে শাকিব খান-জয়া আহসানের পর ভারতে অভিষেক হতে চলেছে বাংলাদেশী নাটকের জনপ্রিয় এ অভিনেতার।

সিনেমাটি নির্মাণ করেছেন প্রতীম ডি গুপ্ত। এ সিনেমা নিয়ে অপূর্ব আগেই বলেছিলেন, ‘‌গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই নয়, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং, যেটা আরো বেশি টেনেছে আমাকে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সে চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, চালচিত্র সিনেমায় অপূর্ব ছাড়া আরো রয়েছেন টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীসহ টালিউডের নামজাদা তারকারা।