বলিউডের নতুন সফল প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস। বছরের শুরুতেই ম্যাডকের ব্যানারে এসেছে ‘ছাভা’। ছত্রপতি শম্ভাজির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি এর মধ্যে আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপি। এদিকে গত বছর ম্যাডকের ব্যানারে এসেছিল ‘স্ত্রী টু’। এ সিনেমাও ৫০০ কোটির বেশিই আয় করেছিল।
বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ম্যাডক যে ভালো ব্যবসা করবে তা তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। ম্যাডকের প্রধান দিনেশ ভিজানের সঙ্গে সিনেমা নিয়ে তার কথা হয়। এ নিয়ে তিনি বলেন, ‘দিনেশ ভিজান আমার সঙ্গে ছাভার ট্রেলারের কিছু অংশ শেয়ার করেছিল। নভেম্বরের শুরুতে হবে হয়তো। আমি ওকে বলেছিলাম, ট্রেলারটা আমার ভালো লেগেছে। সঙ্গে এও বলেছিলাম, সিনেমাটা বক্স অফিসে খুব ভালো ব্যবসা করবে।’
দিনেশ তরণকে দেখিয়েছিলেন প্রাথমিক একটি খসড়া। এরপর পূর্ণাঙ্গ ট্রেলার এলে সেটাও যে দুর্দান্ত হয়েছে, তা তরণ স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি সাধারণত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি না। তবে ছাভার ট্রেলার দেখে মনে হয়েছিল এটা দেখা উচিত।’
এছাড়া ম্যাডকের ব্যানারে এসেছিল ‘মুঞ্জ্যা’। সিনেমাটি কম বাজেটের হলেও সে তুলনায় বক্স অফিস থেকে ভালো আয় করেছে। মূলত দিনেশ তার সিনেমায় গল্প বা কনটেন্টকে প্রাধান্য দেন। এ নিয়ে তরণ বলেন, ‘দিনেশের মুঞ্জ্যাও ভালো করেছিল বক্স অফিসে। এর কারণ সে কনটেন্টে গুরুত্ব দেয়। দিনেশ আমাকে একবার বলেছিল, তার সিনেমায় তারকারা থাকলেও মূল তারকা আসলে গল্প।’ তিনি মনে করেন, তারকাদের দেখতে দর্শক দুই-চারদিন যাবে থিয়েটারে। কিন্তু গল্প ভালো হলে তারা বারবার ফিরবেন।
এদিকে সিনেমাসংক্রান্ত বাণিজ্য বিশেষজ্ঞ অতুল মোহন বলেন, ‘ভালো কনটেন্ট বলেই ম্যাডকের সিনেমা বক্স অফিসে ভালো করে। আপনার প্যাশন থাকতে হবে কাজের পেছনে। সেটা না থাকলে কোনো কাজই ভালো হয় না। মুঞ্জ্যায় কোনো তারকা ছিল না। তার পরও সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। গত বছর ১০০ কোটি রুপি আয় করা ছিল বলিউডের সিনেমার জন্য বিশেষ একটা ব্যপার। ‘স্ত্রী’র প্রথম পর্ব আয় করেছিল ১৩০ কোটি রুপি। দ্বিতীয় পর্ব সর্বোচ্চ ২০০-২৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করেছিল সবাই। কিন্তু সিনেমাটি ৮০০ কোটি রুপির মতো আয় করেছে।’
বলিউডের অন্যতম সিনেমা প্রদর্শক অক্ষয় রাঠি। তিনি বলেন, ‘ম্যাডকের সাফল্যের কারণ মূলত ঠিক সময়ে ঠিক গল্পটা নিয়ে কাজ করা। এছাড়া সে গল্প বলারও একটা ভঙ্গি আছে। দর্শককে টানতে পারবে এমন ভঙ্গিতে গল্পটা বলা দরকার। ম্যাডক সে কাজই করেছে। সেই সঙ্গে ঠিকঠাক প্রচার করারও প্রয়োজন আছে।’
সূত্র: বলিউড হাঙ্গামা










