জি টিভির নিয়মিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। সপ্তাহের প্রতি রোববার প্রচার হয় অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। প্রতি সপ্তাহেই অভিনেতা, সংগীতশিল্পী বা শিক্ষাঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অতিথি হন এ অনুষ্ঠানের। আজ এ অনুষ্ঠানের ১৬তম পর্ব। এবার অতিথি হয়েছেন অভিনেতা ও লেখক ডা. এজাজুল ইসলাম। একান্ত আলাপচারিতায় তিনি প্রকাশ করেছেন অভিনয় ও সাহিত্যের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্যের গল্প। যেসব গল্প অনেক দর্শকেরই অজানা।

অন্তরঙ্গ আলাপের এ আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তিজীবন সম্পর্কে একটু কমই জানি। এ অনুষ্ঠান মূলত তাদের ব্যক্তিজীবন সম্পর্কে জানানোর অনুষ্ঠান। যে কারণে এরই মধ্যে অনুষ্ঠানটি জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়।’

তিনি জানান, ডা. এজাজকে দর্শক যেভাবে চেনে, তার বাইরের আরো কিছু বিষয় এবারের অনুষ্ঠানে এসেছে।

ডা. এজাজ বলেন, ‘সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানগুলোয় মূলত অভিনয়ের কথাই বলা হয়। কিন্তু এ অনুষ্ঠানে লেখালেখির কথাও বলেছি মন খুলে, যা আমার নিজের কাছে ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’