জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমি আক্তার সালমা। মৌলিক গান প্রকাশে দর্শক-শ্রোতাদের আগ্রহে থাকেন তিনি। সম্প্রতি তার গাওয়া দুটি গান প্রকাশ পেয়েছে।
‘দেখলে তোমায় হইগো পাগল’ এটি সালমার কণ্ঠের নতুন মৌলিক গান। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ঘরানার এ গান এরই মধ্যে ইউটিউবে প্রকাশের পর শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার কণ্ঠের প্রতি শ্রোতা-দর্শকের এক আলাদা ভালো লাগা আছে। এ গানের আগেও কিছুদিন আগে সালমা ও রাজুর কণ্ঠে প্রকাশ হয়েছে আরো একটি মৌলিক গান ‘মায়া লাগেরে’। গানটি লিখেছেন সাংবাদিক-গীতিকার ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানের জন্য সাড়া পাচ্ছেন সালমা, এমনটাই জানালেন তিনি। সালমা বলেন, ‘দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালো লাগার। সত্যি বলতে আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি, যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে।’ এ দুই গান তেমনই গান। ধন্যবাদ এ গানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরো দুটি গান আগেও গেয়েছি। এদিকে সালমা স্টেজ ও টিভি শো নিয়েও ভীষণ ব্যস্ত। গত ঈদে বেশ কয়েকটি টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে পারফর্ম করেছেন। গত বুধবার রাতে সুপ্রিম কোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন সালমা।










