আলিয়ঁস ফ্রঁসেজ দা ঢাকা নিয়ে আসছে নতুন আয়োজন। এবারের আয়োজন একটি বডি পাপেট থিয়েটার পরিবেশনা। নাম ‘ইনভিজিবল স্টোরিজ’। এ চমকপ্রদ প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান ফরাসি পাপেটিয়ার লহি ক্যানাক। অভিনয় করবেন বাংলাদেশের মো. ফারহাদ আহমেদ ও লহি ক্যানাক নিজে। পরিবেশনাটি অনুষ্ঠিত হবে ৪ ও ৫ জুলাই, সন্ধ্যা ৭টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এ প্রযোজনা বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত, যা আন্তঃসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে। ঢাকায় প্রদর্শনীর পর, মো. ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র ‘ইনভিজিবল স্টোরিজ’ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাচ্ছেন।
ইনভিজিবল স্টোরিজ এক চমকপ্রদ অভিযাত্রার বর্ণনা, যেখানে দুজন বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণায় মগ্ন থাকে। তাদের এ যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গুহিনে। পারফরম্যান্সটিতে নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তুকে নাচ, গান আর পাপেট্রির মাধ্যমে উপস্থাপন করেছেন লহি কানাক। লহি একজন বিশিষ্ট পাপেট শিল্পী। তিনি ‘থিয়েটার: একোল দ্য পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রাপ ও আলেকজান্দ্রে দেল পেরুজিয়ার অধীনে ক্ল্যাসিক্যাল থিয়েটার প্রশিক্ষণ লাভ করেন। পথনাটকের মাধ্যমে তিনি নিজের শিল্পনৈপুণ্য গড়ে তোলেন এবং ১৯৯৭ সালে কোম্পানি গ্রেন দ্য ভি প্রতিষ্ঠা করেন, যা কল্পনাপ্রবণ, শারীরিক ও আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য পরিচিত।
এদিকে মো. ফরহাদ আহমেদ একজন বহুমুখী নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, থিয়েটারশিল্পী ও পাপেটিয়ার, যিনি ২০১২ সাল থেকে প্রাচ্যনাট থিয়েটার এবং ২০১৪ সাল থেকে জলপুতুল পাপেটসের সঙ্গে কাজ করছেন।
ইনভিজিবল স্টোরিজ সবার জন্য উন্মুক্ত। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আসন পাওয়া যাবে। দর্শক বিনামূল্যে দেখতে পারবেন শোটি।










