ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমা ওয়াটসন হ্যারি পটার চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। পরে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ও লিটল উইমেন-এর মতো সিনেমায় অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হন। তবে গত সাত বছর সিনেমা থেকে বিরতিতে আছেন এমা।

এমা ওয়াটসন সম্প্রতি হলিউড অথেন্টিককে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি জীবনের সবচেয়ে সুখী ও ভালো সময় পার করছিলেন। ওয়াটসনের শেষ অভিনয় ছিল ২০১৯ সালের গ্রেটা গারউইগ পরিচালিত চলচ্চিত্র লিটল উইমেন। হ্যারি পটার তারকা বলেন, ‘জনসমক্ষে একটা পরিচিত মুখ হয়ে থাকা অনেক ভারী বোঝার মতো লাগে।’ এ কারণেই তিনি দ্রুত হলিউডে ফিরে যাওয়ার জন্য তাড়া অনুভব করছেন না।

তিনি বলেন, ‘বড় ব্যাপার হলো ছবির প্রচারণা বা বিক্রি করা। সত্যি বলতে, আমি প্রচারণা বা জিনিস বিক্রির মতো কাজ একেবারেই মিস করি না। সেটা আমার কাছে আত্মাকে ক্ষয় করার মতো মনে হয়। কিন্তু আমি আমার দক্ষতাকে কাজে লাগানো আর শিল্পের কাজটাকে ভীষণভাবে মিস করি। কারণ সেটা আমি উপভোগ করতাম।’

ওয়াটসন আরো বলেন, ‘যখনই আপনি কোনো সেটে যান, রিহার্সালের সময় খুবই অল্প থাকে। ক্যামেরা চালু হলে অভিনয় বাদে পৃথিবীর সব ভুলে যেতে হয়। এটা এক ধরনের গভীর ধ্যানের মতো। কারণ তখন অন্য কোথাও থাকা সম্ভব নয়। এটা দারুণ অনুভূতি দেয়। আমি সেটাকে ভীষণভাবে মিস করি। কিন্তু চাপটাকে (প্রচারণা) মিস করি না। সেই চাপটা আসলে অনেক ভারী।

ওয়াটসনকে অনেকে হ্যারি পটার সিরিজের অভিনেত্রী ভাবেন। তবে তার অন্য কাজগুলোও বেশ প্রশংসা পেয়েছে। যেমন দ্য পার্কস অব বিইং আ ওয়ালফ্লাওয়ার, বিউটি অ্যান্ড দ্য বিস্ট অন্যতম। বিউটি অ্যান্ড দ্য বিস্ট ও লিটল উইমেন বক্স অফিসে বড় সাফল্য পায়। বিউটি অ্যান্ড দ্য বিস্ট চলচ্চিত্র ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে।

এমা ওয়াটসন বলেন, ‘জীবনের আসল ভিত্তি হলো তোমার ঘর, বন্ধু আর পরিবার। আমি এত বেশি পরিশ্রম করেছি যে আমার নিজের জীবনটাই ভেঙে পড়েছিল। ভিতটাই দুর্বল হয়ে গিয়েছিল। তাই আমাকে নতুন করে ভিত গড়তে হয়েছে। কোনো কিছু বেড়ে ওঠার জন্য ভালো ভিত্তি দরকার। যদি সেটা না থাকে, তাহলে এক ধরনের পাগলামি শুরু হয়। তখন টের পাওয়া যায়, জীবনে কোনো ছন্দ নেই।’

২০২৩ সালে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ওয়াটসন স্বীকার করেছিলেন, তিনি অভিনয় নিয়ে খুব একটা খুশি ছিলেন না। বরং নিজেকে খাঁচায় আটকে থাকার মতো মনে হতো, আর সেই কারণেই তিনি অভিনয় থেকে বিরতিতে আছেন।

সূত্র ও ছবি: ভ্যারাইটি