ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত সিনেমা ‘কানতারা’। কন্নড় সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। এবার এল সিনেমাটির প্রিকুয়াল ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’। স্থানীয় গল্প ও মিথ নিয়ে নির্মিত সিনেমাটি দেখে দর্শকের মনে নানা প্রশ্ন জেগেছিল। সেসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে কানতারা চ্যাপ্টার ওয়ান। মুক্তির মাত্র দুদিনেই সিনেমাটি প্রমাণ করে দিয়েছে, ঋষভ শেঠি যা দিচ্ছেন, দর্শক তা সাদরে গ্রহণ করছে। সিনেমাটি দুইদিনেই ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক সাচনিল্কের তথ্যমতে, দ্বিতীয় দিনে সিনেমাটি ৪৫ কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতের মোট আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ৮৫ লাখ রুপি।
২০২২ সালে কানতারা মুক্তির প্রথম দুদিনে মাত্র ৪ কোটি ৬০ লাখ রুপি আয় করেছিল। সে তুলনায় দ্বিতীয় সিনেমার এ সাফল্য অত্যন্ত চমকপ্রদ। প্রথম সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল, দ্বিতীয় সিনেমা মাত্র দুদিনেই সে অংকের এক-চতুর্থাংশ আয় করে ফেলেছে। এ অবস্থা বজায় থাকলে সপ্তাহান্তেই সিনেমাটি ২০০ কোটির গণ্ডি পেরিয়ে যেতে পারবে।
সূত্র: সাচনিল্ক










