ঈদ উপলক্ষে বিশেষ কাজ রাখার চেষ্টা করেন মোস্তফা কামাল রাজ। ঈদুল ফিতরে এনেছিলেন ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। এটি দর্শককে কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। তোমাদের গল্পর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহায়ও একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ‘ক্ষতিপূরণ’। আগেরবারের মতোই এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

ক্ষতিপূরণ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার ছোট পর্দায় আসছেন। এবার অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে।

ক্ষতিপূরণের গল্প আপাতত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে, সেটি জানালেন তিনি। রাজ বলেন, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসেন না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

ঈদুল আজহার জন্য অনেক নাটক এখনো নির্মাণ হচ্ছে। তবে এরই মধ্যে তারা নাটকের শুটিং করে ফেলেছেন। ২-৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে নাটকটির শুটিং হয়েছে। নাটক নয়, এটিকেও ইউটিউব ফিল্ম বলা হচ্ছে। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

ক্ষতিপূরণে থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি। ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ক্ষতিপূরণ।

মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি। এ নাটকও পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।