বলিউড তারকা আমির খান মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের পালি হিল এলাকায় সাময়িকভাবে চারটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। প্রতি মাসে এ ফ্ল্যাটগুলোর ভাড়া ২৪ লাখ ৫০ হাজার রুপি। নিজের মালিকানাধীন ভবনটির সংস্কারকাজের কারণে সাময়িকভাবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আমির খান বর্তমানে যে ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সে ভবনের সংস্কার করা হবে। সেখানে ১২টির মতো ফ্ল্যাটের মালিক তিনি। ভবনটি ভেঙে নতুন করে বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণ করা হবে, তাই তিনি সাময়িক সময়ের জন্য নতুন এ ফ্ল্যাটগুলো ভাড়া নিয়েছেন।

আমির খানের নতুন ভাড়া নেয়া ফ্ল্যাটগুলো উইলনোমোনা নামের একটি আবাসিক ভবনে অবস্থিত। এটি শাহরুখ খানের অস্থায়ী বাসভবন পূজা কাসা থেকে মাত্র ৭৫০ মিটার দূরে। শাহরুখ খানের বাংলো মান্নাতও বর্তমানে সংস্কার করা হচ্ছে।

এ চার ফ্ল্যাটের চুক্তির মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শুরু হয়েছে ২০২৫ সালের মে মাস থেকে, চলবে ২০৩০ সালের মে পর্যন্ত। প্রথম ৪৫ মাস চুক্তি বাতিল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। এ ভাড়ার চুক্তিটি সরকারি নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় ২০২৫ সালের ২০ মে। নিবন্ধনের জন্য ৪ লাখ রুপির বেশি স্ট্যাম্প ডিউটি ও ২ হাজার রুপির ফি পরিশোধ করা হয়েছে।

ফ্ল্যাটগুলো ভাড়া নিতে ১ কোটি ৪৬ লাখ রুপির নিরাপত্তা জামানতও জমা দিয়েছেন আমির খান। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়বে।

আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পার’ চলচ্চিত্রে। তার বিপরীতে ছিলেন জেনেলিয়া দেশমুখ। প্রায় তিন বছর পর এ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন আমির। সিনেমাটি ভারতে ১৬৫ কোটি রুপির বেশি আয় করেছে।

সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা