শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিকান্দার কা মুকাদ্দার। নীরাজ পাণ্ডে পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি, দিব্যা দত্ত ও তামান্না ভাটিয়া। এ সিনেমার প্রচারণায় স্ক্রিন লাইভের দ্বিতীয় সিজনে হাজির হয়েছিলেন তামান্না। সঙ্গে ছিলেন জিমি শেরগিল ও অবিনাশ। নানা বিষয়ে সেখানে কথা বলেন তামান্না। বর্তমানে বলিউড ও দক্ষিণে সমান জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ তিনি। একই সঙ্গে দুই ইন্ডাস্ট্রিতে গুরুত্ব পাওয়া অভিনেত্রীর সংখ্যা হাতেগোনা। সে সূত্রেই তামান্না জানান, এ ইন্ডাস্ট্রিতে কখনো নিজেকে অবহেলিত মনে করেননি।
সিনেমা ইন্ডাস্ট্রিতে নারীরা নানা কারণে পিছিয়ে পড়েন। বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয় তাদের। এ নিয়ে তামান্নার মত হলো, নারীরাও নিজেদের কেবল নারী মনে করেন। তারা নিজেদের আর দশটা মানুষের মতো মনে করলে এ সমস্যা হয় না।
তামান্না বলেন, ‘আমার মনে হয়, প্রথমেই নিজেদের কেবল নারী হিসেবে চিন্তা করা বাদ দিতে হবে। মানুষ হিসেবে ভাবতে হবে।’ প্রচলিত ধারণা বা দৃষ্টিকোণের কথা বলেছেন তামান্না। সেখানেই মূল সমস্যা বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘অবহেলা আসতে পারে, কিন্তু নিজেকে অবহেলিত মনে করা যাবে না।’
তামান্না ভাটিয়া অভিনয় ও নাচের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সাম্প্রতিক সময়ে জেলার সিনেমার কাভালেয়া ও অতি সম্প্রতি ‘স্ত্রী টু’র ‘আজ কি রাত’ এখন সবার মুখে মুখে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










