অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী অভিনীত সিনেমা ‘৩৬-২৪-৩৬’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৮ নভেম্বর। সিনেমাটি এবার আসতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে। আগামীকাল রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা। যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তারা এবার ঘরে বসেই চরকির পর্দায় দেখতে পারবেন এটি।
পরিবার, বন্ধু-স্বজন মিলে দেখা যাবে সিনেমাটি। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।
আরো আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীনসহ অনেকে। কয়েকটি দৃশ্যে অভিনয় করেছেন কারিনা কায়সারের বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়েছে।
প্রেক্ষাগৃহে ‘৩৬-২৪-৩৬’ প্রদর্শিত হচ্ছে তিন সপ্তাহ ধরে। সিনেমাটি দেখে দর্শক তাদের প্রতিক্রিয়ায় এটিকে ভালোই বলেছেন।
এদিকে এ সিনেমার নির্মাতা রেজাউর রহমান বলেন, ‘প্রেক্ষাগৃহে সিনেমা শেষে দর্শকের প্রতিক্রিয়া, তাদের হাততালি দেখে আমি সত্যি অনুপ্রাণিত। যে কথা সিনেমার মাধ্যমে বলতে চেয়েছি, মনে হয়েছে সেটা দর্শকের কাছে পৌঁছেছে। “৩৬-২৪-৩৬” এবার ওটিটিতে আসছে। আশা করছি, এটি আরো অনেক দর্শকের কাছে পৌঁছবে এবং তারাও সিনেমাটিকে ভালোবাসা দেবেন।’
সিনেমায় প্রিয়ন্তী চরিত্রে দিঘী ও তাহসির চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন। তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। চরিত্রটি হাস্যরস তৈরি করেছে সিনেমায়। গোলাম কিবরিয়া তানভীর অভিনয় করেছেন ফটোগ্রাফারের চরিত্রে।










