এপ্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ভিন্ন ঘরানার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। এরই মধ্যে দর্শকের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এ অভিনেত্রীর। তাসুনভা তিশা একের পর এক কাজ করায় বিশ্বাসী নন, তিনি একটু থেমে থেমে ভালো গল্পের নাটকেই কাজ করতে চান। গত ২৬ জুন ইউটিউবে প্রকাশ পেয়েছে আদিফ হাসান পরিচালিত ‘ডাকাতিয়া’ নাটকটি। এ নাটকে জাহের আলভীর সঙ্গে তার অনবদ্য অভিনয় দর্শক পছন্দ করেছেন। ‘ডাকাতিয়া’ নাটকে জাহের আলভী ও তাসুনভা তিশার অভিনয়ের রসায়ন নিয়েও বেশ আলোচনা চলছে। এ নাটকে অভিনয়ে ভীষণ সাড়া পাওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাসনুভা তিশা। যে কারণে ভিন্ন ধরনের গল্পের প্রতি তার আগ্রহ আরো বেড়েছে। ডাকাতিয়ার অভিনয় নিয়ে তার যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশারও বেশি সাড়া পাচ্ছেন তিনি। যে কারণে সম্রাট জাহাঙ্গীর পরিচালিত ‘লিডার’ নাটকটির চরিত্রটি নিয়েও ভীষণ প্রত্যাশা তাসনুভা তিশার। এরই মধ্যে ইউটিউবে লিডারের ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলার দেখেই দর্শক আগ্রহী হয়ে উঠেছেন নাটকটি উপভোগের জন্য। তাসনুভা তিশা বলেন, ‘ডাকাতিয়ায় যখন শুটিং করি, তখন আমি অনেক অসুস্থ। কিন্তু যেহেতু আমি শুটিং করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, তখন আর ফেরার চিন্তাও করিনি। অসুস্থ অবস্থায়ই অনেক কষ্ট করে ডাকাতিয়ার চরিত্রটিতে ঠিকঠাক মতো অভিনয় করার চেষ্টা করি। যার ফল এখন পাচ্ছি। খুব ভালো সাড়া পাচ্ছি। ডাকাতিয়ায় যেমন একটা ফিল্মি মুড আছে ঠিক তেমনি লিডারেও আছে। লিডারের গল্পটাও এক কথায় দারুণ। এ নাটক নিয়েও আমি আশাবাদী। ডাকাতিয়ায় জাহের আলভী খুব সহযোগিতা করেছে, লিডারে যথারীতি মারী রাব্বিও। ধন্যবাদ আমার দুই নাটকের পরিচালক আদিফ হাসান ও সম্রাট জাহাঙ্গীরকে। তাদের সঙ্গে আগামীতে আরো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি।’
এদিকে তাসুনভা তিশা গতকাল থেকে পূবাইলে ‘মন দরিয়া’ নামের একটি নাটকের কাজ শুরু করেছেন। ৮ ও ৯ জুলাই তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আরো একটি নাটকের কাজ করবেন। এরই মধ্যে বিটিভিতে প্রচার হয়েছে তাসনুভা তিশা ও সোহেল মণ্ডল অভিনীত নাটক ‘দরজার ওপাশে’। এটি বিটিভি নির্মিত একটি নাটক।










