নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। যিনি একটি সিনেমায় অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় পরী চরিত্রে অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়েছে। এরপর আর কোনো সিনেমায় অভিনয় না করলেও ‘মনপুরা’ সিনেমার কারণেই দর্শক তাকে বিশেষভাবে মনে রেখেছে। কারণ সিনেমাটির জন্য শুধু শহর-নগরকেন্দ্রিক সিনেমা হলগুলোয়ই দর্শকের উপচেপড়া ভিড় ছিল না, গ্রামে-গঞ্জের সিনেমা হলগুলোয়ও দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। যে কারণে এটি ব্যবসাসফল সিনেমা ছিল। এখনো অনেকেই মনপুরার কথা প্রাসঙ্গিকভাবে টেনে আনেন। সিনেমাটিতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মনপুরায় অভিনয়ের আগে ফারহানা মিলি নাটকে অভিনয় করেছিলেন, এর পরও আবার নাটকে কাজ করেছেন। তবে বেশ কিছুদিন ধরে তিনি নাটক থেকে একটু দূরেই আছেন।
আপাতত মিলি ছোট পর্দায় অভিনয় করছেন না। এদিকে আজ তার জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন তিনি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন। স্বামী, একমাত্র সন্তান রুসলান ও মা-বাবাকে সঙ্গে নিয়েই জন্মদিন কেটে যাবে। ফারহানা মিলি বলেন, ‘জন্মদিন নিয়ে কিন্তু কখনই আমার বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না। তবে ছোটবেলার জন্মদিনের কথা বিশেষভাবে তো মনে পড়েই। এখন এ দিনকে ঘিরে আমার একমাত্র সন্তান রুসলানের আগ্রহটা বেশি। খুব সাদাসিদেভাবেই কেটে যায় দিনটি। শুধু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বেশ কিছুদিন ধরেই অভিনয় করছি না। হয়তো গল্প ভালো লাগলে চরিত্র মনের মতো হলে সেটা করতেও পারি। অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয়।’










