হিমেশ রেশামিয়া অভিনয়ে ফিরেছেন। তার নতুন সিনেমার নাম ‘ব্যাডঅ্যাস রবিকুমার’। পুরোই বাণিজ্যিক ধারার সিনেমা এটি। হিমেশ বরাবরই সিনেমার ক্ষেত্রে নিজেকে হাস্যকর করে উপস্থাপন করেছেন। এবারো কতগুলো সংলাপ দিয়ে দর্শক ধরার চেষ্টা করেছেন। তবে মুক্তির আগেই খরচ তুলে ফেলেছে সিনেমাটি। এতে হিমেশের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি। মজার ব্যাপার সিনেমা হোক বা ওয়েব সিরিজ, কীর্তি সবসময়ই ভিন্ন ধারার চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তার অভিনীত প্রায় প্রতিটি চরিত্রের আছে একাধিক স্তর। তাদের ব্যাখ্যা করার প্রয়োজন হয় কখনো কখনো। এমন একজন অভিনেত্রী হিমেশের সিনেমায় অভিনয় করেছেন বলে অনেকেই অবাক হয়েছিলেন। সম্প্রতি কীর্তি নিজেই এ সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা জানালেন। সিনেমাটি নিয়ে নিউজ এইটিনকে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন এ ধারার সিনেমা আমি পছন্দ করতাম না। কখনো এমন একটা সিনেমায় অভিনয় করার কথা চিন্তা করিনি। কিন্তু ব্যাডঅ্যাস রবিকুমারে অভিনয়ের অভিজ্ঞতা ভিন্ন।’

কীর্তি নিজের পরিচিতিও বদলাতে চেয়েছেন। দর্শক সবসময় তাকে সিরিয়াস সিনেমায়ই দেখেছেন। নতুন সিনেমায় নতুন করে নিজেকে আনতে চেয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমার অনেকবার মনে হয়েছে এ সিনেমা আমাকে কী দেবে? ক্যারিয়ারে কি আমার কোনো উন্নতি হবে? তারপর মনে হলো দর্শক তো সবসময় একভাবে দেখেছে। এবার নতুন করে আমাকে তারা চিনবে। এ কথা ঠিক যে চরিত্রটি বা সিনেমায় আমাকে দেখে অনেকে অবাকও হবে। সত্যি বলতে সে জিনিসটাও আমাকে উচ্ছ্বসিত করেছে।’

কীর্তি জানান, ব্যাডঅ্যাস রবিকুমারে কিছু কাজ তিনি নিজের মতো করতে চেয়েছিলেন। কিন্তু হিমেশ সে অনুমতি দেননি। সংলাপ যেমন ছিল তেমনই বলতে হয়েছে কীর্তিকে। এ নিয়ে কীর্তি বলেন, ‘একসময় এমনও মনে হয়েছে, আসলেই এখানে আমার থাকা উচিত কিনা। তারপর সেটে যা চলছিল তার সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছি।’

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস