শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টেলিভিশন চ্যানেল দুরন্ত এবারো নিয়ে আসছে ব্যতিক্রমধর্মী আয়োজন।
বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-তে থাকছে উৎসবের আনন্দ। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহরসহ অনেকে। এছাড়া আছেন আবুল হায়াত, শাহানাজ খুশীও। গল্পে দেখা যাবে ডাক্তার সফদার চৌধুরী ও তার বাড়ির শিশুদের দুর্গা পূজাকে ঘিরে নাটক করার উদ্যোগ এবং নানা মজার ঘটনা। নাটকটি প্রচার হবে আজ (অষ্টমীতে), ১ অক্টোবর (নবমী) ও ২ অক্টোবর (দশমী) বেলা ১১টা ৩০ মিনিট ও রাত ৮টায়।
রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’-তে শিশুরা মা-বাবাকে নিয়ে পূজার বিশেষ খাবার যেমন লাবড়া, পায়েস, পাতুরি, খিচুড়ি রান্না করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা এবং সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। এটি প্রচার হবে আজসহ ১ ও ২ অক্টোবর বেলা ১টা ও রাত ৯টায়।
এছাড়া বিশেষ আয়োজন ‘শারদীয় আড্ডা’-য় শিশুদের সঙ্গে দিদার গল্পে উঠে আসবে পূজার স্মৃতি ও পৌরাণিক কাহিনী। এতে অভিনয় করেছেন পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী, স্বর্গ ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দেখা যাবে আজ সকাল ১০টায়।
বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’-তে পূজার আমেজে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘কল্পতরু’র শিল্পীরা। এটি প্রচার হবে ১ অক্টোবর (নবমী) সকাল ১০টায়।
সংগীতানুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’-তে শিশুদের সঙ্গে গান গাইবেন দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা। বিশেষ এ আয়োজন দেখা যাবে ২ অক্টোবর (দশমী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বিজয়া দশমীতে প্রচারিত হবে আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘শুভ বিজয়া’। আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় এতে অংশ নেবেন শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধর সঙ্গে। অনুষ্ঠানটি দেখা যাবে ২ অক্টোবর সকাল ১০টায়।










