মার্কিন অভিনেত্রী আলেকসান্দ্রা দাদারিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের আলাপ চলে। অর্থাৎ তিনি আলোচনায় থাকেন সবসময়। তবে তাকে নিয়ে একটা কথাও উঠেছে যে তিনি খুব একটা ভালো অভিনেত্রী নন। সম্প্রতি এলি ম্যাগাজিনের তরফ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজের সম্পর্কে কী ধরনের গুজব তিনি শুনেছেন। তিনি কোনো দ্বিধা না করেই উত্তর দেন, ‘শুনেছি আমি খুবই বাজে অভিনেত্রী।’

কিন্তু বাস্তবিক নিজেকে বাজে অভিনেত্রী মনে করেন না দাদারিও। তিনি বলেন, ‘কিন্তু আমি আসলে বাজে অভিনেত্রী নই। বেশকিছু প্রজেক্টে আমি অভিনয় করেছি, যেখানে আমাকে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। একটা প্রজেক্টে নির্দেশনা ও চিত্রনাট্য গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই আমাকে বা আমার চরিত্রে ঠিকমতো আলোকপাত করা হয়নি। কিন্তু তার মানে এই না যে আমি অভিনেত্রী হিসেবে খারাপ। আমার একটা এমি নমিনেশন আছে। কী মনে হয়—আমি কেমন করে সেটা পেলাম?’

দাদারিও এইচবিওর ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজে অভিনয় করেছেন। এটি এমির জন্য মনোনীত হয়েছিল। এছাড়া তিনি ‘এএমসি’র হরর সিরিজ ‘মেফেয়ার উইচেস’-এ অভিনয় করেছিলেন। এর দ্বিতীয় সিজন গতকাল থেকে স্ট্রিম হচ্ছে।

এছাড়া দাদারিও অভিনয় করেছেন পার্সি জ্যাকসন ফিল্ম সিরিজে। আরো বেশি নাম করেছেন ‘স্কাইস্ক্র্যাপার’ ও ‘বেওয়াচ’ সিরিজে অভিনয় করে। দুটোতেই তার সহঅভিনেতা ছিলেন ডোয়েইন জনসন। এইচবিওর ‘ট্রু ডিটেকটিভ’ তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

তিনি বলেন, ‘সিনেমায় অভিনয় করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতাই হয়েছে। এমন অনেক দৃশ্যে কাজ করেছি যা অভিনয়ে আসার আগে চিন্তাও করিনি।’

দাদারিও জানান, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিনোদন ম্যাগাজিন ও অন্যান্য নানা মাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা হয়। এসব নিয়ে তিনি খুব বেশি চিন্তা করেন না। নিজেকে তিনি একজন ভালো অভিনেত্রী মনে করেন এবং সবসময় ভালো স্ক্রিপ্টে কাজ করার চেষ্টা করেন।

সূত্র: ভ্যারাইটি