‘বারবি’র পর মার্গো রবির ক্যারিয়ার নতুন মোড় পেয়েছে। কিন্তু এরপর কোন সিনেমা? কানাঘুষা হচ্ছে মার্গো রবিকে এবার দেখা যাবে টিম বার্টনের সিনেমায়। মূলত বার্টন এবার ১৯৫৮ সালের একটি সিনেমা রিমেক করছেন। সিনেমার নাম ‘অ্যাটাক অব দ্য ফিফটি ফুট ওম্যান’। নাথান হার্টয পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছিলেন অ্যালিসন হায়েস। পরবর্তী সময়ে সিনেমাটি অবলম্বনে একটি টেলিভিশন সিরিজও হয়েছিল। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে, টম অ্যাকারলি ও হোসে ম্যাকনামারার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করবেন মার্গো রবি।

কিন্তু বিষয়টি হলো এখনো মার্গো রবির এ সিনেমায় যুক্ত হওয়া নিশ্চিত নয়। চিত্রনাট্য চূড়ান্ত হলে তার পরই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত সিনেমার চিত্রনাট্য আটকে আছে। জিলিয়ান ফ্লিন এটি নিয়ে কাজ করছিলেন। এর আগে তিনি ডেভিড ফিঞ্চার পরিচালিত গন গার্লের চিত্রনাট্যের জন্য প্রশংসিত হয়েছিলেন। কিন্তু এ সিনেমার শিডিউল বার বার পেছানোর কারণে তিনি কাজ ছেড়ে দিয়েছেন। সিনেমার প্রযোজকরা এখন নতুন করে চিত্রনাট্যকার খুঁজছেন।

মূল সিনেমার গল্পটি ন্যান্সি ফাউলারকে নিয়ে। ধনী এ নারীকে অপহরণ করে এলিয়েনরা। এরপর তিনি ৫০ ফুট লম্বা হয়ে যান। সিনেমাটি দর্শক ও সমালোচক ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন এবং এটি কাল্ট ক্ল্যাসিকে পরিণত হয়। সত্তরের দশক থেকে সিনেমাটি রিমেক করার চেষ্টা হয়েছে অনেকবার। কিন্তু নানা কারণে তা সফল হয়নি। তবে সমালোচকরা মনে করেন, টিম বার্টন এ সিনেমা রিমেক করতে পারবেন।

টিম বার্টনের সর্বশেষ কাজ ‘বিটলজুস বিটলজুস’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি মূলত বার্টনেরই ১৯৮৮ সালের সিনেমার সিকুয়াল। এতে অভিনয় করেছেন মাইকেল কিটন, মনিকা বেলুচ্চি ও জেনা ওর্তেগা। মার্গো রবিকে শেষ দেখা গিয়েছিল বারবিতে। এখন তার অভিনীত ওয়েদারিং হাইটস পোস্ট প্রডাকশনে আছে।

সূত্র: ইয়ন