জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আয়োজনটি উপস্থাপনা করেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। তারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানটির এবারের পর্ব তথা ৪০তম পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেতা মুকিত জাকারিয়া।

মুকিত জাকারিয়া টেলিভিশনের পরিচিত ও জনপ্রিয় মুখ। টেলিভিশন নাটকের পাশাপাশি টিভিসিতেও দেখা যায় তাকে। বহু নাটকে তার অভিনীত চরিত্র জনপ্রিয় হয়ে উঠেছে তারই অভিনয়গুণে। সেসব নাটক, অভিনয় ও তার জীবনে আছে নানা গল্প। শিক্ষা সংস্কৃতি অনির্বাণের এ পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। মুকিত জাকারিয়াকে নিয়ে আড্ডার এ পর্ব জিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। এ আয়োজন নিয়ে উপস্থাপক বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এ অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন যা অনেকেরই অজানা।’

অনুষ্ঠানের এবারের অতিথি মুকিত জাকারিয়া তার স্বভাবসুলভ ভাষায় বলেন, ‘বলতে বলতে নিজের জীবনের অনেক কথাই বলে ফেলেছি এ অনুষ্ঠানে। তাও এমন সব কথা, যেগুলো সাধারণত টিভি সাক্ষাৎকারে বলা হয় না।’