গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত সিনেমা ‘কাজলরেখা’। এটি গত ১১ এপ্রিল দেশের সিনেমা হলে মুক্তি পায়। ওটিটি প্লাটফর্ম বঙ্গতেও মুক্তি পেয়েছে সিনেমাটি। কাজলরেখা এবার যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।
নেদারল্যান্ডসের ‘রটারডেম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে বিশ্বের অন্যতম প্রাচীন এ উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে নির্বাচিত হয়েছে এ সিনেমা।
৪০০ বছর আগের বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রটারডাম ফিল্ম ফেস্টিভ্যাল এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়। মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে স্ক্রিনে হাজির করলাম, সেটাই ওদের আগ্রহী করেছে। আমি আনন্দিত ও সম্মানিত অনুভব করছি।’
অন্য নির্মাতারা যখন সিনেমা নির্মাণের পর আন্তর্জাতিক নানা উৎসব ঘুরে দেশের বড় পর্দায় মুক্তি দেন, তখন উল্টোপথে হাঁটলেন সেলিম। ‘মনপুরা’খ্যাত এ নির্মাতার সিনেমা প্রশংসিত ও জননন্দিত হলেও বিদেশের উৎসবের চেয়ে দেশের সিনেমা হলকেই সবার আগে প্রাধান্য দিয়েছেন।
এ প্রসঙ্গে সেলিম বলেন, ‘এটা ঠিক, দেশের বড় পর্দাকেই প্রাধান্য দিয়েছি। তবে আমার মনপুরাও কিন্তু সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল। ‘পাপপুণ্য’ গিয়েছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। কাজলরেখা তো মুক্তির দুই সপ্তাহ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্টে কোর্স হিসেবে চালু হয়েছে। অনেক ছাত্রছাত্রী এর ওপর থিসিস করছে। এসব কারণে আমি সব মিলিয়ে আনন্দিত।’
বলা দরকার, আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হচ্ছে রটারডেম চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিতে নেদারল্যান্ডস যাবেন গিয়াস উদ্দিন সেলিম ও সিনেমার অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকেই।
কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়া আছেন শরিফুল রাজ, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমী, ইরফান সেলিম সুজন, ঝুনা চৌধুরীসহ অনেকে।










