সাহু, ছিচোর ও স্ট্রিট ড্যান্সার থ্রিডির মতো ভিন্নধর্মী ছবি রয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পাইপলাইনে। এসব ছবির শুটিং এরই মধ্যে শেষ করেছেন এ অভিনেত্রী। এখন তিনি যোগ দেবেন বাঘী ৩ ছবির সেটে। বাঘী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বে শ্রদ্ধা কাপুরের যোগদানের বিষয়টি নিশ্চিত। আহমেদ খান পরিচালিত বাঘীর তৃতীয় ছবিতে শ্রদ্ধার সহসঙ্গী হিসেবে থাকছেন টাইগার শ্রফ। ২০১৬ সালে বাঘী মুক্তির পর আবার তারা একসঙ্গে কাজ করছেন। তবে সব ছাপিয়ে এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তা হলো এতে শ্রদ্ধার চরিত্র কী? শেষ পর্যন্ত জানা গেল, শ্রদ্ধা এ ছবিতে একজন বিমানবালার চরিত্রেই হাজির হচ্ছেন। মুম্বাই মিরর জানাচ্ছে, শ্রদ্ধা কাপুর সাহু ও ছিচোর ছবির প্রচার-প্রচারণার মাঝখানেই সময় বের করে নিয়েছিলেন বাঘী ৩-এ তার নিজের চরিত্রকে ঠিকঠাকভাবে ধারণ করার কর্মশালায় যোগ দিতে। ‘আহমেদ খান ও ফারহাদ (সামজি, লেখক) চেয়েছিলেন তার (শ্রদ্ধাকে) অংশে তাকে আকর্ষণীয় ও বিচিত্রভাবে উপস্থাপন করতে। মুম্বাইয়ে সেপ্টেম্বরের শুরুতেই শ্রদ্ধা শুটিং শুরু করবেন। পরে ছবির কলাকুশলীরা রওনা হবে আগ্রার পথে। তার পরই আন্তর্জাতিক পর্যায়ের কাজ শেষ করতে দেশের বাইরে পাড়ি জমাবে, শুরু হবে জর্জিয়া থেকে’—বাঘী ৩-এর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এমন তথ্য।
বাঘী ছবির প্রথম কিস্তি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালে। প্রথমবারের মতো এ ছবিতে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। বাঘীর দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১৮ সালে। এ ছবিতে অবশ্য শ্রদ্ধার পরিবর্তে টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধেন দিশা পাটানি।
শ্রদ্ধার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি সাহুতে তার বিপরীতে জুটি বেঁধেছেন বাহুবলীখ্যাত তারকা প্রভাস। ৩০ আগস্ট ছবিটির মুক্তির কথা রয়েছে। এর আগে ধারণা করা হয়েছিল, জগন শক্তির মিশন মঙ্গল ও নিখিল আদভানির বাতলা হাউজ ছবির সঙ্গে লড়াই করবে সাহু। মিশন মঙ্গল ও বাতলা হাউজ মুক্তির কথা রয়েছে ১৫ আগস্ট।
শ্রদ্ধার আরেক ছবি ছিচোর-এ গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও বরুণ ধাওয়ান। আগামী ৬ সেপ্টেম্বর এর মুক্তির কথা।
সূত্র: ইন্ডিয়া টুডে










