বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন লোকগবেষক সাইমন জাকারিয়া।

বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোন্দকার মো. জমির উদ্দিন। তিনি রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। তার সুর করা অন্যতম গানগুলো হচ্ছে ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’।

এছাড়া বেশকিছু বই লিখেছেন আবু জাফর। এর মধ্যে উল্লেখযোগ্য ‘রাত্রি পুরোনো দিন’, ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’, ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’। তিনি শুধু সংগীতাঙ্গনের মানুষই ছিলেন না, ছিলেন একজন কবি ও শিক্ষক।