ফরাসি অস্কারখ্যাত সেজার অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে নির্মাতা রোমান পোলানস্কি একাই ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছেন। পোলানস্কির ছবি অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই ছবিটি এসব মনোনয়ন পেয়েছে। আর এতেই ক্ষেপেছেন নারীবাদী এবং নানা অঙ্গনের অ্যাক্টিভিস্টরা। পোলানস্কির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির বহু পুরনো অভিযোগই তাদের এ ক্ষোভের কারণ। ১৯৭০-এর দশকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছিল পোলানস্কিকে। এরপর তার বিরুদ্ধে আরো কয়েকবার যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। চলমান বিক্ষোভ ও সমালোচনার মুখেও সেজার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ অবশ্য পোলানস্কির পক্ষেই কথা বলেছে। সেজার অ্যাওয়ার্ডসের প্রধান অ্যালান তেরজিয়া বলেছেন, তারা পুরস্কার দেয়ার সময় ‘কোনো নৈতিক অবস্থান’ নিয়ে থাকেন না।

সেজার অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে রোমান পোলানস্কির মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ অ্যাক্টিভিস্টরা বলছেন, সেজার কর্তৃপক্ষ ‘একজন নিপীড়ক ও ধর্ষক’-কে তাদের উৎসবে জায়গা করে দিয়েছে।

ধর্ষণের অভিযোগে শাস্তি থেকে বাঁচতে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে আশ্রয় নেন পোলানস্কি। সেজার অ্যাওয়ার্ডসে ১২টি বিভাগে মনোনয়ন পাওয়া পোলানস্কির ছবি অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই-এর কাহিনী তৈরি হয়েছে ফরাসি ইহুদি সেনা কর্মকর্তা আলফ্রেড ড্রেফাসের আলোচিত বিচারকে কেন্দ্র করে। এ ছবির জন্য পোলানস্কি সেজার অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক ও সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছেন। গত বছর অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই-এর মুক্তির কিছুদিন আগে এক ফরাসি নারী আলোকচিত্রী অভিযোগ তুলেছিলেন যে তিনি যখন তরুণী ছিলেন, তখন পোলানস্কি তাকে ধর্ষণ করেছিলেন। এ অভিযোগে অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই-এর প্রচারণা ও প্রদর্শনী ক্ষতিগ্রস্ত হয়। অ্যাক্টিভিস্টরা ছবিটির প্রদর্শনী বন্ধ করতে অনেক সিনেমা হল অবরোধ করেন। কিন্তু এসব সত্ত্বেও ছবিটি ফ্রান্সের বক্স অফিসে সাফল্য পেয়েছে, বিক্রি হয়েছে প্রায় ১৫ লাখ টিকিট।

ফরাসি নারীবাদী সংগঠনগুলো বলছে, পোলানস্কিকে মনোনয়ন দিয়ে সেজার কর্তৃপক্ষ নিজেদের কলঙ্কিত করেছে এবং ফ্রান্স #মিটু মুভমেন্ট থেকে সরে গেছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান