বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। গতকাল শনিবার ছিল তার ৫২তম জন্মদিন। বলিউডের বরাতে ভারতীয় গণ্যমাধ্যম জানায়, বর্তমানে ৩ হাজার ১০১ কোটি টাকার সম্পদ আছে এ অভিনেতার। বিলাসবহুল গাড়ি, বাড়িসহ অনেক কিছুই রয়েছে।

বলিউডের তিন খানের নাম প্রবীণ নাগরিকদের তালিকায় উঠেছে। বয়স বাড়ছে হৃতিক রোশনেরও। তবে এখনো বহু দর্শক তার তারুণ্যসুলভ চেহারার অনুরাগী।

প্রতি সিনেমায় অভিনয় করে ৭৫-১০০ কোটি টাকা উপার্জন করেন হৃতিক। এখন বছরে একটির বেশি সিনেমা হাতে নেন না তিনি। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ওয়ার-টু’। ২০২৪ সালে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করা ‘ফাইটার’ বক্স অফিসে ঝড় তুলেছিল।

বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামি সংস্থার বিজ্ঞাপনেও কাজ করেছেন হৃতিক। বিজ্ঞাপনপ্রতি নাকি ১০-১২ কোটি টাকা পারিশ্রমিক নেন এ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচার করেও অর্থ উপার্জন করেন। পোস্টপ্রতি ৪-৫ কোটি টাকা উপার্জন করেন তিনি। ফিটনেস ও লাইফস্টাইল সংক্রান্ত পোশাকের একটি নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তার। ব্র্যান্ডটির জনপ্রিয়তাও আছে। ২০২৪-২০২৫-এর অর্থবছরে এ ব্র্যান্ড ২০০-২২০ কোটি টাকা আয় করছেন।

এছাড়া মুম্বাইয়ে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে হৃতিকের। মুম্বাইয়ের কাছে লোনাবালায় সাত একর জমির ওপর চড়া দামের একটি খামারবাড়িও কিনেছেন। বিএমডব্লিউ, মার্সিডিজ়, মাস্টাংসহ অন্যান্য নামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে তার। শুটিংয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত ভ্যানিটি ভ্যানও ব্যবহার করেন তিনি।