ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। নিজেকে পর্দায় দারুণভাবে মেলে ধরেছেন তিনি। অন্যদিকে ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। তারা দুজন জুটি বেঁধে একের পর এক নাটক উপহার দিয়ে যাচ্ছেন। কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে। অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনই একটি নাটক ভাঙ্গা সংসার বলে জানিয়েছেন অহনা।

জান্নাতারা ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ভাঙ্গা সংসার নাটকটি আজ বিকালে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

এ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। এমনই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিতে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শককে কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এ নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা।’

অহনা বলেন, ‘আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শককে দেখার আহ্বান জানাই।’

নাটকে আরো অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূঁইয়া, তুহিন খান, সেঁজুতি খন্দকারসহ অনেকে।