সিনেমায় নিজের চরিত্রকে সবচেয়ে নিঁখুতভাবে ফুটিয়ে তোলার জন্য বেশ পরিচিত বলিউড সুপারস্টার আমির খান। যে চেহারা বা চরিত্রই হোক না কেন, তার জন্য তিনি নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নেন ও পরিশ্রম করেন। সিনেমা করেন কম, তবে যেটা করেন, সেটাতেই চরিত্রের চমক ও অভিনয় নৈপুণ্যে দর্শকদের মুগ্ধ করেন। যদিও তার সর্বশেষ সিনেমা থাগস অব হিন্দুস্তান-এর ভরাডুবি হয়েছে, এটা মেনে নিয়েই নতুন সিনেমার জন্য ঘুরে দাঁড়িয়েছেন এ তারকা।

আসন্ন সিনেমা লাল সিং চাড্ডা ঘোষণার পর থেকেই খবরের শিরোনাম হয়ে আছে। সিনেমাটি নিয়ে কেবল ভক্তকুলই নয়, আমির খান নিজেও বেশ উচ্ছ্বসিত। ‘গত আট বছর ধরে আমি এ সিনেমায় লেগে আছি। আমি খুব রোমাঞ্চিত যে অবশেষে এটির কাজ এগিয়ে চলছে।’ এভাবেই লাল সিং চাড্ডা নিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন আমির খান।

সিনেমাটির গল্পে সত্তরের দশক থেকে বর্তমান সময়ের নানা প্রেক্ষাপট উঠে আসবে। ভারতের জরুরি অবস্থা, কারগিল যুদ্ধ, পুলওয়ামা-উরি হামলা ও সরকার পরিবর্তন ধারাবাহিকভাবে আসবে। সব মিলিয়ে পাঁচ দশকে ভারতের সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে আনবে লাল সিং চাড্ডা। এজন্য দশক অনুযায়ী আলাদা আলাদা লুকে হাজির হবেন বলিউডের এ তারকা। লুক পরিবর্তনের সঙ্গে ওই সময়ের পোশাক ও সাংস্কৃতিক অনুষঙ্গও পরিবর্তন হবে।

সম্প্রতি লাল সিং চাড্ডার চরিত্রের বর্ণনা চিত্রায়িত করতে নিজের লুকের বিষয়ে আমির খানকে প্রশ্ন করা হয়েছিল। ‘প্রতিবার আপনাকে কেবল চরিত্র ফুটিয়ে তুললেই হবে না, আপনাকে তেমন দেখতেও হতে হবে। এক্ষেত্রে আমি অনুভব করি লাল সিং এমন একটি চরিত্র, যে দৈহিক ও শারীরিকভাবে কথা বলবে। আমি তাকে পুরো সিনেমায় রোগা হিসেবে দেখি, যিনি বিশেষ কোনো পেশিবহুল নয়। এ কারণে আমি এটা নিয়ে খুব আশাবাদী। সিনেমায় আমি পাঞ্জাবি বলতে চাই, তাই আমি সবে শিখতে শুরু করেছি।’

গল্পকেন্দ্রিক এ সিনেমা দেখার জন্য ভক্তদের উচ্ছ্বাস দিন দিন বেড়েই চলেছে। এর জন্য পুরো দেশের প্রায় ১০০ লোকেশনে শুট করবেন আমির, যার মধ্যে পাঞ্জাব উল্লেখযোগ্য। ব্লকবাস্টার সিনেমা দঙ্গল ও রঙ দে বাসন্তির পর পাঞ্জাবে শুটিং করা আমিরের এটা তৃতীয় সিনেমা। অদ্বৈত চন্দনের পরিচালনায় এ সিনেমায় তার বিপরীতে আছেন কারিনা কাপুর খান। এর আগে থ্রি ইডিয়টস ও তালাশ-এ তাদের রসায়ন প্রচুর প্রশংসা পায়। কয়েক বছর পর তারা আবার একসঙ্গে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

অতুল কুলকার্নির লেখা এ সিনেমা প্রযোজনা করছে ভায়কম ১৮ স্টুডিও এবং আমির খান প্রডাকশন। হলিউড সিনেমা ফরেস্ট গাম্প-এর অফিশিয়ালি রিমেক হতে যাচ্ছে লাল সিং চাড্ডা। হলিউড অভিনেতা টম হ্যাংকসের জায়গায় অভিনয় করবেন আমির। আগামী বছরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: সিনেব্লিজ