বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে। আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ উৎসবে বিভিন্ন দেশের মোট ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্র উৎসবের ঘোষণা অনেক আগেই দিয়েছিল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এরপর কিছু জটিলতা তৈরি হলেও ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি নিশ্চিত করেছেন, স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবটি বন্ধ হচ্ছে না।

এর আগে ফোরামের প্যাডে উৎসব বন্ধ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছিলেন ফোরামের সঙ্গে যুক্ত নির্মাতা তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম ও মানজারে হাসীন মুরাদ। এরপর ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো নির্বাহী দায়িত্বে নেই এবং উৎসব বন্ধ হচ্ছে না।

এবারের আসরের কান্ট্রি ফোকাস হিসেবে নির্বাচন করা হয়েছে ফিলিস্তিনকে। আগামী বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি ফিকশন চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচন করা হয়েছে। ২৬ ডিসেম্বর জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়টি ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। উৎসব শেষ হবে ২৭ ডিসেম্বর।