গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রশিদ পলাশ পরিচালিত সিনেমাটি ব্যবসায়িকভাবে ততটা সুবিধা করতে না পারলেও থেমে নেই ববি। নতুন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। 

এরই মধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এছাড়া হাতে রয়েছে ‘দিওয়ানা’, ‘তছনছ’সহ একাধিক সিনেমার কাজ। 

ববি জানান, তার অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ ও কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা। এদিকে গত কোরবানির ঈদে শিরোনাম সিনেমাটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু অসমাপ্ত কিছু কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে না পারায়, তা মুক্তির মিছিল থেকে সরে যায়। তবে শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমায় ববি অভিনয় করেছেন নিরবের বিপরীতে। এছাড়া বউ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। 

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ শেষ হওয়ার পর শিল্পীরা মুক্তির জন্যই মূলত অপেক্ষায় থাকেন। একটি কাজ মুক্তি পাবে, এটি শিল্পীর জন্য অবশ্যই আনন্দের। দর্শককে দেখানোর জন্যই তো সিনেমা করা। আমিও তাই সে অপেক্ষায় আছি। আমার অভিনীত দুটি সিনেমার গল্পই চমৎকার। চরিত্রেও রয়েছে বৈচিত্র্য। দর্শক আসলে যে রকম দেখতে চান, দুটো সিনেমায় আমাকে সেভাবেই দেখতে পাবেন। আমার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’

বর্তমানে ববি রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে পরিবারের সঙ্গে অবসর কাটাচ্ছেন তিনি। দেশে ফিরেই নতুন কাজ শুরু করবেন কিনা এ বিষয়ে নায়িকা বলেন, ‘এখন আমি একটু বেছে কাজ করছি। তাই ভেবে-চিন্তে সময় নিয়েই নতুন কাজে যুক্ত হচ্ছি, ভালো কিছুর জন্য একটু সময় নিচ্ছি। তবে দ্রুতই নতুন কাজের খবর দিতে পারব বলে আশা রাখি।’

উল্লেখ্য, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে ববির। এরপর একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু কয়েক বছর ধরে খুব একটা আলো ছড়াতে পারছেন না এ অভিনেত্রী। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ময়ূরাক্ষী নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তারও আগে ‘পাপ’ নামে একটি সিনেমা মুক্তি পায় ববির। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাও সুবিধা করতে পারেনি। 

বলা যায়, ববি অভিনীত পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। তবে দমে যাননি। বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন এ অভিনেত্রী। গত বছর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি।