কেবল পেশাদার মঞ্চ নয়, বিশ্ববিদ্যালয়েও মঞ্চস্থ হচ্ছে নাটক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হচ্ছে ‘দ্য রুলস অব লাভ’। এটি নির্মাণ হয়েছে এলিফ শাফাক ও নাইজেল ওয়াটসের উপন্যাস অবলম্বনে। বিশ্ববিদ্যালয়টির নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ‘অভিনয় অনুশীলন’ কোর্সের অংশ হিসেবে প্রযোজনাটি মঞ্চায়ন হচ্ছে।
নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ১ ডিসেম্বর এবং চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। কলাভবনের নিচতলায় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হচ্ছে দ্য রুলস অব লাভ। এ নাটকের নির্দেশনায় রয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির।
মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এ নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ ও এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে ত্বরান্বিত হয় নাট্যকাহিনী। এলিফ শাফাকের ‘ফরটি রুলস অব লাভ’ ও নাইজেল ওয়াটস এর ‘দ্য ওয়ে অব লাভ’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচিত। মূলত আত্মোপলব্ধি থেকে দুই সময় ও পরিস্থিতির মানুষের জীবনে আল্লাহ প্রেমে একাত্ম হওয়ার গল্প এটি।
নাটকটির নির্দেশক মো. মেহেদী তানজির বলেন, ‘জীবনের নানা সংকট ও অপ্রাপ্তির গ্লানি মানুষের আত্মমুক্তির পথ প্রতিনিয়ত অবরুদ্ধ করে ফেলে। মানুষের জন্য শুধু পাকস্থলী পূর্ণ করাই মুখ্য নয়। সত্য পথের অনুসন্ধান একান্ত অপরিহার্য। সত্যের পথ অনুসন্ধানে আমাদের নাটকটি হাতিয়ার করে তোলার চেষ্টা করা হয়েছে। মূলত সুফি দর্শনের মাধ্যমে জীবনের অর্থ খুঁজতে গিয়ে এলিফ শাফাকের ফরটি রুলস অব লাভ উপন্যাসটি গভীরভাবে নাড়া দেয়। পরবর্তী সময়ে নাইজেল ওয়াটসের দ্য ওয়ে অব লাভ উপন্যাসটি রুমির জীবনের সূক্ষ্মতর উপস্থাপনে সহায়তা করেছে। দুটি উপন্যাসের মেলবন্ধনে নিজেদের ঐকান্তিক প্রয়াস হয়ে উঠেছে এ নাটক।’










