৭৭ বছর বয়সী অভিনেতা হ্যারিসন ফোর্ড আবার তার ইন্ডিয়ানা জোনস চরিত্রে ফিরে আসছেন। ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে ফোর্ডকে চিরচেনা এ চরিত্রে দেখতে পাবেন তার ভক্তরা। লুকাসফিল্মের প্রেসিডেন্ট ক্যাথলিন কেনেডি গত রোববার অনুষ্ঠিত বাফটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সংবাদমাধ্যম বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেনেডি বলেন, ‘আমরা যে বিষয় নিয়ে কাজ করতে চাই, সেটার স্ক্রিপ্ট পেয়ে গেছি। এখন আমরা প্রস্তুতি নেয়া শুরু করব।’

এ সময় ইন্ডিয়ানা জোনস চরিত্রে ফোর্ড থাকবেন কিনা, এমন প্রশ্ন উঠলে উত্তরে কেনেডি বলেন, ‘নতুন এ ছবির সঙ্গে হ্যারিসন ফোর্ড থাকবেন। এটা কোনো রিবুট নয় বরং ধারাবাহিকতা।’ ‘এ চরিত্রে ফেরার জন্য বেশি দিন অপেক্ষা করতে পারছেন না ফোর্ড’ —কেনেডি যোগ করেন।

গত বছর ইন্ডিয়ানা জোনস চরিত্রে ফোর্ডের পরিবর্তে অভিনেতা ক্রিস প্র্যাটের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল।

‘কেউ ইন্ডিয়ানা জোনস হতে পারবে না!’—২০১৯ সালের মে মাসে টুডে শোয়ের এক সাক্ষাত্কারে এ কথা বলেছিলেন ইন্ডিয়ানা জোনসখ্যাত ফোর্ড। তিনি আরো বলেছিলেন, ‘আপনারা বুঝতে পেরেছেন? আমিই ইন্ডিয়ানা জোনস। যখন আমি চলে যাই, আমার সঙ্গে সঙ্গে সেও চলে যায়। এটা খুবই সহজ কথা।’

২০১৩ সালে প্যারামাউন্টের কাছ থেকে ডিজনি চলচ্চিত্রের স্বত্ব কিনে নিয়েছিল, তার পরই মূলত ২০১৫ সাল থেকে এ চরিত্রের জন্য প্র্যাটের যুক্ততার কথা শোনা যায়।

হ্যারিসন ফোর্ড এ ফ্র্যাঞ্চাইজির চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর শুরুটা হয়েছিল ১৯৮১ সালে রাইডার্স অব দ্য লস্ট আর্ক-এর মাধ্যমে। এরপর টেম্পল অব ডুম (১৯৮৪), দ্য লাস্ট ক্রুসেড (১৯৮৯) এবং কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল (২০০৮)-এ।

ইন্ডিয়ানা জোনস ছবির পঞ্চম কিস্তি ২০২১ সালে মুক্তি দেয়ার কথা রয়েছে। ছবির পরিচালনায় এবারো রয়েছেন স্টিভেন স্পিলবার্গ।