মারাত্মক করোনাভাইরাস সবাইকে এমন এক অবস্থায় নিয়ে এসেছে, যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ভারত এক মাসেরও বেশি সময় ধরে লকডাউন অবস্থায় রয়েছে। লকডাউনের কারণে কেউ বাসা থেকে বের হতে পারছে না। অফিস ও গৃহস্থালির কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়েই দিন কাটছে বেশির ভাগ মানুষের। মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে এই নভেল করোনাভাইরাস। বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও এর ব্যতিক্রম নন। ব্যস্ত জীবন থেকে ছুটি পেয়ে তারা তাদের পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কাজের চাপে নিজেদের জন্য কোনো সময় বের করতে না পারা এই সেলিব্রিটিরা লকডাউনে বেশ ভালো সময় কাটাচ্ছেন।

বলিউড সেলিব্রিটিরা আগের তুলনায় সোস্যাল মিডিয়ায় এখন অনেক বেশি সক্রিয়। যেহেতু এই লকডাউনে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কোনো কথোপকথন বা সাক্ষাত্কার হচ্ছে না, তাই সেলিব্রিটিরা তাদের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে সোস্যাল মিডিয়ার ওপর নির্ভর করছেন। এর অন্যতম উদাহরণ হলেন শাহরুখ খান, যিনি সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছেন, যেখানে দর্শকরা তাকে প্রশ্ন করার সুযোগ পাবেন। শাহরুখ খান অভিনীত শেষ সিনেমাটি ছিল ‘জিরো’। বক্স অফিসে বেশি সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। ‘জিরো’-এর পরে নতুন কোনো সিনেমার ঘোষণাও দেননি  বলিউডের ‘কিং খান’।

শুধু শাহরুখ খান নন, আনুশকা শর্মাও সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই আলোচিত। আনুশকা যখন তার স্বামী বিরাট কোহলির সঙ্গে কোনো ছবি পোস্ট করেন, তা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আনুশকারও সর্বশেষ সিনেমা ছিল ‘জিরো’ এবং তার পর থেকে নতুন কোনো সিনেমার কাজের বিষয়ে ঘোষণা দেননি। কয়েক বছর ধরে আনুশকার সোস্যাল মিডিয়া পোস্টগুলো তাকে আলোচনায় রেখেছে। বিরাটকে চুল কেটে দেয়ার ভিডিও হোক বা তার পরিবারের সঙ্গে কোনো খেলায় অংশগ্রহণের ভিডিও, দর্শকরা অপেক্ষায় থাকেন আনুশকার পোস্টগুলোর জন্য।


সোস্যাল মিডিয়া যে বিরাট প্রভাবশালী ভূমিকা পালন করে, তা উপেক্ষা করা কঠিন। অনেক সেলিব্রিটি তা ভালো করেই জানেন। অভিনেত্রী সোনম কাপুরও এমন একজন সেলিব্রিটি, যার সোস্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তিনি সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সোনমের সর্বশেষ সিনেমা ‘দ্য জোয়্যা ফ্যাক্টর’ দর্শক মন জয় করতে ব্যর্থ হলেও তার সোস্যাল মিডিয়ার ভিডিও ও ছবিগুলো ভক্তদের মন জয় করেছে।

লকডাউনের এ সময়ে অনেক সেলিব্রিটিই এখন সোস্যাল মিডিয়ায় সক্রিয়। কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও ভিকি কৌশাল তাদের মধ্যে উল্লেখযোগ্য।

অনেক সময় বলিউড সেলিব্রিটিরা সোস্যাল মিডিয়া ব্যবহার থেকে দূরে থেকেছেন। অনেক সেলিব্রিটি এটাও বলেছেন যে সোস্যাল মিডিয়া একজন সুপারস্টারের ব্যক্তিত্ব নষ্ট করে দিতে পারে। সেই সেলিব্রিটিদের মধ্যে অনেকেই এখন তাদের জীবনের ছোট ছোট ঘটনা সোস্যাল মিডিয়ায় তুলে ধরছেন। লকডাউনের মধ্যে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অথবা ভিডিও প্রকাশ স্পষ্ট করে বুঝিয়ে দেয়, নভেল করোনাভাইরাস সেলিব্রিটিদের জীবনেও প্রভাব ফেলেছে।

 

সূত্র: পিংকভিলা