মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ৮৪০ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ডিসেম্বরের মাঝামাঝি সময়। সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। এবার তার সিদ্ধান্তে আজ থেকে টানা আটদিন তিনটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে এ সিনেমা। চ্যানেল আই, আরটিভি ও দীপ্ত টিভিতে সিনেমাটি প্রচার হবে আট পর্বে।

তিশা জানান, চ্যানেল আইতে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এবং পুনঃপ্রচার হবে পরের দিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে প্রচার হবে রাত ৮টায়, পুনঃপ্রচার হবে পরদিন রাত ৮টায়। দীপ্ত টিভিতে সিনেমাটি দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন বেলা ১টা ৩০ মিনিটে। এর আগে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক ও রাজনৈতিক নানা অসংগতি স্যাটায়ার করে ‘৪২০’ নামে ধারাবাহিক নাটক নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছিলেন। সেই ৪২০-এর ডাবল আপ বলা হচ্ছে ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডকে।

সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা সবাইকে। সিনেমা হলে যারা ৮৪০ দেখার সুযোগ পাননি বা সময় করে উঠতে পারেননি, এবার তাদের জন্য সুযোগ তৈরি হয়েছে। আজ থেকে ভিন্ন ভিন্ন সময়ে তিনটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে এটি দেখা যাবে। নতুন বছরের দর্শকের জন্য এটাই আমাদের উপহার। আশা করছি, দর্শক এখন তার সময় সুযোগ মতোই সিনেমাটি উপভোগ করে নিতে পারবে। এ ‌সিনেমা দর্শক পছন্দ করেছে, আগ্রহ নিয়ে দেখেছে—এটাই আমার জন্য অনেক অনুপ্রেরণার। সামনে আরো ভালো সিনেমা প্রযোজনা করার সাহস পেলাম। আশা করি দর্শক আগামীতেও আমার, আমাদের সঙ্গে থাকবে।’

এ সিনেমা নিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘যারা সিনেমাটি হলে উপভোগ করতে পারেনি, তাদের জন্য ৮৪০ টিম নতুন এ সুযোগ করে দিয়েছে। এখনো যারা দেখতে পারেনি, আমার মনে হয় তাদের এটি দেখলে অনেক ভালো লাগবে। আবারো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা ৮৪০-এর পুরো টিমকে। আশা করছি, আগামীতে আমরা এ টিমের কাছ থেকে আরো ভালো সিনেমা উপহার পাব।’ সিনেমাটিতে তিশার প্রযোজনায় মম ছাড়া আরো অভিনয় করেছেন আশুতোষ সুজন, নাসির উদ্দিন শেখ প্রমুখ। এর সহপ্রযোজনায় আছেন ফরিদুর রেজা সাগর।