সোনালী বেন্দ্রে একাধারে মা, স্ত্রী, অভিনেত্রী ও একজন ক্যান্সার সারভাইভর। জীবন তার যত পরীক্ষা নিয়েছে, তার সবটাই সামনে থেকে মোকাবেলা করেছেন তিনি। ইন্ডিয়া টুডের ই-কনক্লেভে কথোপকথনের সময় সোনালী অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ‘ফাইন্ডিং জয়’ শিরোনামের পর্বটিতে অভিনেত্রী তার কোয়ারেন্টিনের দিনগুলো কেমন কাটছে তা জানান। এছাড়া লকডাউন শেষ হওয়ার পর প্রথমে তিনি কী করবেন সে সম্পর্কেও বলেছেন।

সোনালীকে যখন প্রশ্ন করা হয় লকডাউন শেষ হওয়ার পর প্রথমে কী করবেন, তার জবাবে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘আমি মা-বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি।’

নভেল করোনাভাইরাসের জন্য ভারতে দেশব্যাপী লকডাউন তিন সপ্তাহ পেরিয়ে গেছে। তবে সোনালীর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তিনি ২০১৮ সালে ক্যান্সারের চিকিৎসার জন্য যখন যুক্তরাষ্ট্রে ছিলেন, তখনো তার অবস্থা প্রায় এ লকডাউনের মতোই ছিল।

এমনকি ২০১৯ সালে তার চিকিৎসা শেষে তিনি ভারতে ফিরে আসার পরও তাকে বাসার ভেতরেই থাকতে হয়েছে। কেমোথেরাপির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাসা থেকে বের হতে নিষেধ করেছিলেন। তবে সোনালীর মতে, সেই সময়ে তার বন্ধু ও পরিবার তার সঙ্গে দেখা করতে আসতে পারায় সময়টি কিছুটা আলাদা ছিল।

চলমান এ লকডাউনের মধ্যে বর্তমান প্রযুক্তি সোনালীকে ভালো সময় কাটাতে সাহায্য করছে। সোনালি জানান, তিনি প্রায়ই তার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং মাঝেমধ্যে তারা ভিডিও কলে উপস্থিত থেকেই সবাই মিলে দুপুরের খাবার খেয়ে থাকেন। তবে তার মা-বাবাকে নিয়মিত ভিডিও কলে পাওয়া কিছুটা কঠিন। কারণ তারা নতুন প্রযুক্তির সঙ্গে খুব একটা অভ্যস্ত নয়।

সাক্ষাত্কারের সময় ভিডিও কল ও এটির গুরুত্ব সম্পর্কে সোনালী বলেন, ‘আমি আমার পিতামাতাকে ভীষণ মিস করছি, কারণ তারা প্রযুক্তি ব্যবহারে পারদর্শী নয়, তাই তাদের অভ্যস্ত হওয়াটা একটি চলমান প্রক্রিয়া।’

 

সূত্র: ইন্ডিয়া টুডে