ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক শাকিব খান যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত তার নতুন সিনেমা ‘সোলজার’-এর প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। আর সেই উন্মাদনা থামার আগেই শুক্রবার (১০ অক্টোবর) নিজেই আরো বড় সারপ্রাইজ দিলেন ভক্তদের—প্রকাশ করলেন নিজের নতুন লুক।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে আলোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘ইউর সোলজার ইউর সার্ভিস’ অর্থাৎ ‘আপনার সৈনিক আপনার সেবায়!’

ছবিতে দেখা যায়, একেবারে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন শাকিব খান। রহস্যময় দৃষ্টি, গম্ভীর অভিব্যক্তি, ঠোঁটের ওপর ঘন গোঁফ, মুখে পানির বিন্দু বিন্দু ঝাপটা—সব মিলিয়ে দৃঢ়চেতা ও যোদ্ধার আবহ তৈরি করেছেন তিনি।

ভক্তরা শাকিবের এই নতুন লুক দেখে দারুণ উচ্ছ্বসিত। কেউ লিখেছেন—‘এটাই তো আসল সোলজার লুক!’, কেউ আবার তুলনা টেনেছেন বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে। অনেকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন, ‘শাকিব মানেই নতুন কিছু, নতুন এক ম্যাজিক।’

এর আগে ৩৪ সেকেন্ডের একটি ‘ফার্স্ট লুক ট্রেলার’ প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন শাকিব খান। সেখানে দেখা গেছে দেশের দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার দাপটের ইঙ্গিত—যা দেখে ভক্তরা অনুমান করছেন, এটি হবে এক অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প।

‘সোলজার’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমার শুটিং শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে।

চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা তারিক আনাম খান এবং তরুণ তারকা এবিএম সুমনকে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সিনেমাটিতে শাকিব খানের চরিত্রটি হবে একদম নতুন ধাঁচের—যেখানে দেশের বাস্তবতা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম ও দেশপ্রেমের মিশ্রণ ঘটানো হয়েছে।

শাকিবের নতুন লুক প্রকাশের সঙ্গে ‘সোলজার’ নিয়ে দর্শকের উত্তেজনা আরো বেড়ে গেছে—দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন বড় পর্দায় দেখা মিলবে তাদের প্রিয় তারকার এ যুদ্ধযাত্রার।