দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায়। কিন্তু সিনেমার গল্প আগেই প্রকাশ করায় তাকে সিনেমা থেকে বাদ দিয়েছেন ভাঙ্গা। আবার কেউ বলছেন, ভাঙ্গার সঙ্গে মতের মিল না হওয়ায় দীপিকাই ছেড়ে গেছেন ‘স্পিরিট’। দীপিকা দিনে ৮ ঘণ্টার শিফট ও মুনাফার অংশ চাইলে সন্দীপ রাজি হননি। এ নিয়ে বলিউডে কয়েক দফা বিতর্ক হয়ে গেছে। এর আগে কাজল ও অজয় দেবগন দীপিকার পক্ষ নিয়েছিলেন। এবার তার পক্ষে কথা বললেন সোনাক্ষী সিনহা। তার মতে দীপিকার কাছে যথেষ্ট কারণ আছে ভাঙ্গার সিনেমা ছাড়ার।
এ বিষয়ে ইন্ডিয়া টুডের সঙ্গে কথোপকথনে সোনাক্ষী বলেন, ‘আমি জানি না বিষয়টা সত্য কিনা। কিন্তু আমার মনে হয়েছে দীপিকার কাছে যথেষ্ট কারণ আছে সিনেমা ছাড়ার। আমি এমন সব তারকার সঙ্গে কাজ করেছি, যারা দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। সেক্ষেত্রে আমার মনে হয়, নারীদের জন্যও বিষয়টা সে রকমই হওয়া উচিত।’
অবশ্য দীপিকার পক্ষে কথা বললেও সোনাক্ষী স্বীকার করেন যে প্রজেক্ট অনুসারে কাজের ধরন বা নির্মাতার চাহিদা ভিন্ন হওয়া স্বাভাবিক। তিনি বলেন, ‘কাজ কীভাবে হবে তার বেশির ভাগটা নির্ভর করে নির্মাতার ওপর। প্রজেক্টের ধরনের ওপর। কাজ কত সময়ে হবে বা হতে হবে, সে অনুসারে পরিকল্পনা করতে হয়। অনেক রকম কাজ থাকে যা একই সময়ের মধ্যে শেষ করা সম্ভব। চেষ্টা করতে হয়।’
সোনাক্ষী সিনহা নিজে ১৫ বছর বলিউডে কাজ করছেন। এ সময়ের মধ্যে তিনি দেখেছেন, কেউ তার চেয়ে বেশি সময় ধরে কাজ করে, কেউ কম। এ নিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ের বাইরেও নিজের জন্য সময় দরকার। কোনো সিনেমায় যদি নিজেকে ফিট হিসেবে উপস্থাপন করতে হয়, তাহলে জিমে আমাকে ২ ঘণ্টা সময় দিতে হবে। সেটে ১২-১৪ ঘণ্টা থাকতে হলে সেটা করা সম্ভব হবে না।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










