নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ সময় ধরে নিজের শীর্ষ অবস্থানকে শুধু অভিনয় দিয়েই ধরে রেখেছেন। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এ অভিনেত্রী। বর্তমানে ওটিটি প্লাটফর্মে সরব উপস্থিতি তার। গত বছরের শেষ প্রান্তে ‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় মেহজাবীন বাংলাদেশের বহু সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। এদিকে বড় বোন মেহজাবীন থেকে অনুপ্রাণিত হয়ে ছোট বোন মালাইকার অভিনয়ে অভিষেক হয়ে গেল গত ২৬ ডিসেম্বর। ওইদিন ইউটিউবে প্রকাশ পায় মেহজাবীনের গল্প ভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকটি। এ নাটকেই অভিনয় শুরু মেহজাবীনের বোন মালাইকা চৌধুরীর। জোভানের সঙ্গে মালাইকার অভিনয় বেশ প্রশংসিত হয়। এখন পর্যন্ত ইউটিউবে নাটকটি এক কোটির বেশি ভিউয়ারস উপভোগ করেছে। অনেকেই মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ করতে চাচ্ছেন। কিন্তু তিনি সময় নিচ্ছেন। গল্প ভালো লাগলে চিন্তা করবেন পরবর্তী কাজ নিয়ে। এদিকে এবারই প্রথম মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী প্রথমবার একই মঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি জানান, ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বিকালে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরে সম্মাননা প্রদান করা হবে। মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি তো এর আগেও আমার ভালো ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমারই ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। আমার বি্শ্বাস তাতে মালাইকা অনেক অনুপ্রাণিত হবে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশ’কে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।’