আগামী ঈদে মাছরাঙা টিভিতে প্রচারের জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘মধুমালা’। এটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। সাত পর্বের নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী লাবণ্য লিজা। এ ধারাবাহিকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত লাবণ্য লিজা। লিজা বলেন, ‘অভিনয় আমার পেশা। এখন মনেপ্রাণে অভিনয়কে ভালোবাসি। যে কারণে যখন ক্যামেরার সামনে দাঁড়াই, তখন চেষ্টা থাকে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বলা যায় নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জই কাজ করে আমার মনে। মধুমালা সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটিতে আমি আমার চরিত্রটি শতভাগই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ ধারাবাহিকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রাণ রায়। লাবণ্য লিজা জানান, সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরকার’ শিরোনামের আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যা শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এছাড়া লাবণ্য লিজা অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন পরিচালিত ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’, তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’, ‘ফাউল জামাই’, শামীম জামানের ‘সাদী মোবারক’। লাবণ্য লিজা অভিনীত একমাত্র সিনেমা রয়েল খানের ‘গেম রিটার্ন’। এর মধ্যে লাবণ্য লিজা ‘মায়ের গল্প’, ‘মায়ের বাড়ি’ মনির হোসেইন পরিচালিত এ সিকুয়াল নাটকগুলোয় অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন। আগামী ঈদেও এ সিকুয়াল নাটকে দেখা যাবে বলে জানালেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে লিজা অভিনীত সালাহ উদ্দিন লাভলুর ‘লাল পিঁপড়া কালো পিঁপড়া’, বর্ণনাথের ‘বাবার আশ্রয়’, ‘বাবার কষ্ট’, ‘মায়ের ছেলে সন্তান’, ফজলুর রহমান চৌধুরীর ‘সোহাগের সংসার’, ‘শালী আমার মনের মতো’ ইত্যাদি টেলিফিল্ম নাটকে অনবদ্য অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন। লাবণ্য লিজা জানান, একজন সু-অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।