মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি। নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টায় বিটিভিতে।