এটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৭ সালের ১৭ ডিসেম্বর। গত বছরের চমকপ্রদ সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত এ সিকুয়াল ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

প্রথম সিনেমা দ্য হাউজমেইড বক্স অফিসে এনেছিল এক অপ্রত্যাশিত সাফল্য। মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলারের বাজেটে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০ কোটি ডলার আয় করে, যা প্রযোজনা সংস্থা লায়ন্সগেটের জন্য বড় সাফল্য বয়ে আনে। শুরুটা ছিল ধীর, কিন্তু উৎসব মৌসুমে দর্শকের আগ্রহে দীর্ঘমেয়াদি সুপারহিট সিনেমায় পরিণত হয় এটি।

সিকুয়ালে আবারো কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন সিডনি সুইনি। তার সঙ্গে রয়েছেন মিশেল মোরোনে। পাশাপাশি নতুন সংযোজন হিসেবে যোগ দিয়েছেন কার্স্টেন ডানস্ট ।

গল্পটি গড়ে উঠেছে ফ্রিডা ম্যাকফ্যাডেন রচিত জনপ্রিয় মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাস অবলম্বনে। নতুন কাহিনীতে সুইনির চরিত্র মিলি আবারো এক রহস্যময় পরিবেশে জড়িয়ে পড়েন। এবার তিনি এমন এক নারীর বাড়িতে কাজ নেন, যাকে তিনি কখনো দেখতেই পান না। একটি বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা সেই নারীর গোপন সত্য উন্মোচনের সঙ্গে সঙ্গে সামনে আসে আরো অন্ধকার ও জটিল রহস্য, যা মিলির নিজের অতীতকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়।

সিনেমাটি পরিচালনায় ফিরছেন পল ফেইগ। চিত্রনাট্যে রয়েছেন রেবেকা সোনেনশাইন। নির্মাতারা এবারো থ্রিলার ঘরানার তীব্রতা ধরে রেখে গল্পকে আরো বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

আকর্ষণীয় দিক হলো একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে বড় বাজেটের দুই ছবি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ ও ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলুম’। এ প্রতিযোগিতার মাঝেই ভিন্ন স্বাদের সাসপেন্স থ্রিলার হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে চায় লায়ন্সগেট। প্রযোজনা সংস্থাটি এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে, ‘দ্য হাউজমেইড’-কে একটি পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজিতে রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সামনে আসতে পারে সিরিজটির আরো কিস্তি।

বড়দিনের আলোঝলমলে সময়ে আবারো অন্ধকার রহস্যের দরজা খুলতে যাচ্ছে। সে দরজার চাবি এবারো সিডনি সুইনির হাতে।

সূত্র: ভ্যারাইটি