খায়রুল বাসার ও সামিরা খান মাহি অভিনীত নাটক ইন্দ্রজাল। নাসির খানের রচনায় এটি পরিচালনা করেছেন এলআর সোহেল। নাটকটি প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
রাত প্রায় ১২টা। আসাদ আর রাইসুল বাসায় ফিরছে। নির্জন রাস্তায় হুট করে একটা মেয়ে হন্তদন্ত হয়ে এসে বলল, আপনারা কি আমাকে একটু থানায় পৌঁছে দেবেন? আসাদ জানতে চাইল থানায় কেন। মেয়েটি বলল, আজ রাতে আমি কোথায় থাকব জানি না। বাড়ি থেকে পালিয়ে এসেছি। খালার বাসায় গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। পালালেন কেন জানতে চাইলে মেয়েটি বলে তার বাবার দ্বিতীয় স্ত্রীর অত্যাচারে। সে তাকে জোর করে বিয়ে দিতে চাইছে। মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল আসাদ ও রাইসুল। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।










