এক নজিরবিহীন উৎসবের সাক্ষী হলো রিও ডি জেনেইরোর বিখ্যাত কপাকাবানা সমুদ্রসৈকত। স্থানীয় সময় শনিবার পপ সুপারস্টার লেডি গাগার ফ্রি কনসার্ট উপলক্ষ্যে প্রায় ২১ লাখ মানুষ ভিড় জমিয়েছিল সেখানে। শহর প্রশাসনের ভাষায়, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্ট। খবর বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, মূলত শহরের অর্থনীতিকে চাঙা করার লক্ষ্য নিয়ে এই কনসার্ট আয়োজিত হয়েছে। কনসার্ট ঘিরে স্থানীয় পর্যটন ও ব্যবসা থেকে আনুমানিক ১০ কোটি ডলার আয় হবে বলে জানিয়েছে রিও প্রশাসন। গত বছর একই লক্ষ্য নিয়ে ম্যাডোনার ফ্রি কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেই কনসার্টে উপস্থিত ছিল ১৬ লাখ দর্শক।

১

লেডি গাগা তার অষ্টম অ্যালবাম মেহ্যামের প্রচারে বিশ্ব সফরে নেমেছেন। আর রিওর এই শো ছিল সেই সফরের অংশ। ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ। অনেকে দূরদূরান্ত থেকে বাসে চেপে এসেছেন কেবল গাগাকে একঝলক দেখতে। অনেক ভক্ত গাগাকে ‘লিটল মনস্টার’ নামে ডাকেন। এদিন কনসার্টে প্রিয় গায়িকার আদলে সেজে আসেন তারা।

কনসার্ট ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও ছিল কড়া। প্রায় ৫,০০০ পুলিশ সদস্য, মেটাল ডিটেক্টর, ড্রোন, এমনকি ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হয়েছে।

শেষে ভক্তদের উদ্দেশ্যে গাগা বলেন, “আমরা মনস্টার, আর মনস্টাররা কখনও মরে না,” আর সেই ঘোষণা দিয়ে তিনি শুরু করলেন তার সবচেয়ে জনপ্রিয় গান ব্যাড রোমান্স।

এই রাত শুধু এক কনসার্ট নয়, বরং রিওর ইতিহাসে এক আনন্দময়, রঙিন অধ্যায় হয়ে রইল — যা বহুদিন ভক্তদের মনে গেঁথে থাকবে।