নাসির আলী মামুন এক জীবনে সঞ্চয় করেছেন হাজারো অভিজ্ঞতা। তার কিছুটা এবার তিনি ভাগ করে নেবেন দর্শকের সঙ্গে। তিনি কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের অতিথি হয়ে আসছেন জিটিভিতে। বেসরকারি টেলিভিশন চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন ইকবাল খন্দকার।

অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। তারা তাদের আলোকিত ব্যক্তিজীবন এবং বর্ণাঢ্য কর্মজীবনের নানা কথা দর্শকের সঙ্গে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় এবার আসছে ৫৯তম পর্ব। এবারের অতিথি নাসির আলী মামুন।

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন। তবে পদক নয়, তার নামটিই পরিচয়ের জন্য যথেষ্ট। তাকে আলোকচিত্রী হিসেবে বাংলাদেশের মানুষ চেনে। এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। অনুষ্ঠানে অংশ নেয়া বিষয়ে নাসির আলী মামুন বলেন, ‘সারাজীবন ক্যামেরা নিয়েই ছুটেছি। নিজের কথা আর সেভাবে বলা হয়ে ওঠেনি। তবে এই অনুষ্ঠানে বলেছি। বিশ্বাস করি, যারা অনুষ্ঠানটি দেখবেন, তাদের ভালো লাগবে।’

ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি এই পর্বটিও তাদের ভালো লাগবে।’

সোহেল রানার প্রযোজনায় পর্বটি জিটিভিতে প্রচার হবে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে।