বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে। ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এ একক কনসার্ট, যা দিয়ে শেষ হবে ব্যান্ডটির এবারের উত্তর আমেরিকা সফর। গত জুলাইয়ে তারা কানাডার পাঁচটি শহরে পারফর্ম করেছে। এ কনসার্টগুলোয় দর্শকের মনে গেঁথে নিয়েছে তাদের পারফরম্যান্স।
কুইন্স থিয়েটার নিউইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ মঞ্চ মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহার হতো। ১৯৯৩ সালে মঞ্চটি সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে আরো সুবিধাসম্পন্ন করা হয়। বর্তমানে এখানে স্থানীয় নাট্যদল, উদীয়মান জ্যাজ ও ফোক ব্যান্ড, শিশু ও পরিবারকেন্দ্রিক নাটক এবং আন্তর্জাতিক নৃত্য ও সংগীত দল নিয়মিত পারফর্ম করে।
ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘কুইন্স থিয়েটারের কথা আমরা অনেক শুনেছি। এবার নিজেরা পারফর্ম করতে যাচ্ছি, তাই রোমাঞ্চিত। এটি আমাদের একক শো। যুক্তরাষ্ট্রে আমাদের আরো কয়েকটি কনসার্টের পরিকল্পনা থাকলেও আপাতত শুধু এ কনসার্ট দিয়েই এবারের ট্যুর শেষ হবে।’
অ্যাশেজ আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে এবং শো শেষে ৯ অক্টোবর দেশে ফেরার কথা। যুক্তরাষ্ট্রে এটি তাদের দ্বিতীয় সফর। এর আগে তারা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ভারতে একাধিক কনসার্টে পারফর্ম করেছে।
চলতি বছরের শেষে নতুন অ্যালবাম ‘বিভ্রম’ প্রকাশের পরিকল্পনা আছে অ্যাশেজের। এতে মোট ১০টি গান থাকবে। এরই মধ্যে বেশ কয়েকটি গান তৈরিও হয়ে গেছে।










