গত বুধবার মুক্তি পেয়েছে মোয়ানা টু। থ্যাংকস গিভিংয়ে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে বক্স অফিসে দারুণ সম্ভাবনা দেখিয়েছে। বুধবার সিনেমাটি আয় করেছে ৭ কোটি ৭৫ লাখ ডলার। যেকোনো সিনেমার জন্য মুক্তির দিন এমন আয় রেকর্ড।

মোয়ানা মুক্তির পর এর আয় করা মোট অর্থের ১ কোটি ৩৮ লাখ ডলার এসেছে এর প্রিভিউ থেকে। সিনেমাটি বুধবার মুক্তি পাওয়ায় এটি পাচ্ছে দীর্ঘ সপ্তাহ। পাঁচদিনের সপ্তাহে সিনেমাটি আয় করতে পারে ১৭ কোটি ৫০ লাখ ডলার। অবশ্য অনেকেই বলছেন, মোয়ানা টু ২০-২২ কোটি ডলার আয় করে ফেলতে পারে। তবে ডিজনি এখনই এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চায়নি। তারা অবস্থা পর্যবেক্ষণ করে নিজেদের হিসাব জানাবে।

তবে এ পর্যন্ত যা আয় হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে, মোয়ানা বেশকিছু রেকর্ড ভাঙবে। এর মধ্যে ফ্রোজেনের রেকর্ড ভাঙা নিশ্চিত। ফ্রোজেন আয় করেছিল ৯ কোটি ৪০ লাখ ডলার আর ফ্রোজেন টু আয় করেছিল ১২ কোটি ডলার। দুটি রেকর্ডই ভাঙবে মোয়ানা টু।

মূলত অ্যানিমেশন সিনেমার বাজার ভালো যাচ্ছে। গত বছর সুপার মারিও ব্রোস অনন্য রেকর্ড করেছিল। এরপর ইনসাইড আউট টুও বক্স অফিসে ভালো আয় করে। এবার সে ধারাবাহিকতায় বাজারে ভালো অবস্থানে আছে মোয়ানা টু।

হলিউড বক্স অফিসে এ সময় আছে গ্ল্যাডিয়েটর টু ও উইকেড। এর মধ্যে গ্ল্যাডিয়েটর টু ভালো আয় করেছে, তবে তার মুক্তির বেশকিছু সময় পেরিয়েছে। উইকেড মধ্যম মানের আয় করেছে। সে হিসেবে মাঠ এখন মোয়ানা টুর দখলে।

সূত্র ও ছবি: দ্য হলিউড রিপোর্টার