আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২৫তম আসরে বর্ষীয়ান এ অভিনেত্রীকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে জাদুশিল্পী জুয়েল আইচ দিলারা জামানের হাতে আজীবন সম্মাননা তুলে দেন।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন দিলারা জামান। পুরস্কার গ্রহণের পর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শুধু মানুষের ভালোবাসার টানে আমি স্থায়ী হয়েছি, এখনো কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমত আর ওষুধের ওপর ভরসা করে যতদিন সুস্থ থাকি, ততদিন আমি কাজ করে যেতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই বলি, আরো ভালো ভালো কাজ করতে চাই। আজ আমাকে যেভাবে সম্মাননা দেয়া হলো, তাতে সত্যিই আমার হৃদয় নাড়িয়ে দিয়েছে।’

উল্লেখ্য, প্রতি বছর নিউইয়র্কে অনুষ্ঠিত এ জমকালো আয়োজনে প্রবাসী বাংলাদেশী ও দেশীয় তারকারা অংশ নিলেও এবার ব্যতিক্রমীভাবে ঢাকায় আয়োজন করা হয়েছে বহির্বিশ্বে সমাদৃত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

এবারের আসরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস উদযাপন করছে তাদের সিলভার জুবিলি। এ উপলক্ষে নাটক, সিনেমা ও সংগীত অঙ্গনের তারকা, নির্মাতা ও লেখকদের নিয়ে মোট ৪২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হচ্ছে।

প্রতিবারের মতো এবারো এ আয়োজন করেছে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে। প্রতিষ্ঠানটির সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবিরের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় এ বর্ণাঢ্য আয়োজন।