এপ্রজন্মের উঠতি সংগীতশিল্পী মাহদীয়া ঈশাল। যিনি ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় কণ্ঠ দিয়ে হয়েছেন প্রথম রানার আপ। একই বছর উত্তর আমেরিকা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’তে হয়েছেন চতুর্থ। আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত ও আলোচিত এক নাম ঈশাল। আরো আলোচনায় এলেন তিনি তার প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’ নিয়ে। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে ঈশালের এ গান মাহদীয়া ঈশাল ইউটিউব চ্যানেলসহ গুরুত্বপূর্ণ অডিও প্লাটফর্ম স্পটিফাই, আইটিউন, অ্যামাজন মিউজিকে রিলিজ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের কাছে ঈশালের গায়কি বেশ প্রশংসিত হচ্ছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন তার মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। আমেরিকার শীর্ষস্থানীয় উচ্চ বিদ্যালয় থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণীর শিক্ষার্থী ঈশাল সাত বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। ঈশাল সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে কর্ণাটিক সংগীতের মাধ্যমে সংগীতচর্চা শুরু করেন। নয় বছর বয়স থেকে তিনি সংগীত গুরু উৎপল বড়ুয়ার কাছে তালিম নিচ্ছেন। মাহদীয়া ঈশাল বলেন, ‘ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। গানের প্রতি আমার ভালোবাসাটা এমন যে গানে গানেই আমি এ প্রজন্মের শিল্পী হিসেবে বিদেশের মাটিতে বাংলা গানকে আরো ছড়িয়ে দিতে চাই। আমার বাবা-মা আমাকে পূর্ণ সমর্থন করছেন, তারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। লাল নীল ভালোবাসা গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি।’
ঈশালের ‘লাল নীল ভালোবাসা’য় মুগ্ধ দর্শক-শ্রোতা
এপ্রজন্মের উঠতি সংগীতশিল্পী মাহদীয়া ঈশাল। যিনি ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় কণ্ঠ দিয়ে হয়েছেন প্রথম রানার আপ।










