নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন জুহি চাওলা। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। পর্দায় তার উপস্থিতি কমলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে হারিয়ে যাননি তিনি। এবার আলোচনায় এসেছেন অন্য পরিচয়ে, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে। এক বছরে সম্পদ বাড়িয়েছেন ৩ হাজার ১৯০ কোটি রুপি (প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা)। বর্তমানে তার মোট সম্পদ দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৭ হাজার ৭৯০ কোটি রুপি (প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা)।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন ছিলেন জুহি। আজ তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, গত এক বছরে তার সম্পদ বেড়েছে ৬৯ শতাংশ। নারী তারকাদের মধ্যে ধনসম্পদের তালিকায় তাই সবার ওপরে উঠে এসেছেন তিনি। সামগ্রিকভাবে বলিউড অভিনেতাদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় স্থানে। তার ওপরে আছেন কেবল শাহরুখ খান, যার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি। জুহির পরে অবস্থান করছেন হৃতিক রোশন (২ হাজার ১৬০ কোটি), করণ জোহর (১ হাজার ৮৮০ কোটি) ও অমিতাভ বচ্চন (১ হাজার ৬৩০ কোটি টাকা)।

জুহির বিপুল সম্পদের মূল উৎস হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীর্ঘদিনের সহ-অভিনেতা ও বন্ধু শাহরুখ খান এবং স্বামী জয় মেহতার সঙ্গে কেকেআরের সহমালিক তিনি। তাদের নিজ নিজ প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও দ্য মেহতা গ্রুপের মাধ্যমে এ মালিকানা ভাগাভাগি করেছেন তারা। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু দ্রুত বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুসারে, গোটা লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি।

গত বছরও জুহির সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। মাত্র এক বছরে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩ হাজার ১৯০ কোটি রুপি। এ আর্থিক সাফল্যের সুবাদে হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এর শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৬ সালে ‘সালতানাত’ সিনেমার মাধ্যমে। পরের বছরই ‘কেয়ামত সে কেয়ামত তক’ তাকে বলিউডে শক্ত অবস্থান এনে দেয়। এরপর ‘ডর’, ‘ইয়েস বস’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দেন তিনি। নব্বইয়ের দশক ও ২০০০-এর শুরুর দিকে ছিলেন বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকাদের একজন। তবে ২০১০-এর দশক থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে কাজ কমিয়ে দেন তিনি, বেছে নেন কেবল নির্বাচিত কিছু প্রকল্প। সর্বশেষ তাকে দেখা গেছে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ (২০২৩) সিনেমায়, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান। জুহি চাওলা আজ। গ্ল্যামারজগত থেকে ব্যবসায়িক মঞ্চ—দুই জায়গায়ই সমান দক্ষতায় নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

তথ্যসূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস