টিম বার্টন ১৯৮৮ সালে নির্মাণ করেন ‘বিটলজুস’। সিনেমাটির সিকুয়াল ‘বিটলজুস বিটলজুস’ মুক্তি পেয়েছে এ বছর। এটি বক্স অফিসে মধ্যম মানের ব্যবসা করেছে। সম্প্রতি টিম বার্টন জানালেন, তিনি জনি ডেপের সঙ্গে আরেকটি সিনেমা নির্মাণে ইচ্ছুক। তবে তা কোনো সিকুয়াল হবে না। কেননা কিছু সিনেমার সিকুয়াল তিনি নির্মাণ করতে চান না।
১৯৯০ সালে টিম নির্মাণ করেছিলেন ‘এডওয়ার্ড সিজরহ্যান্ডস’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। কিন্তু এ সিনেমার সিকুয়ালের সম্ভাবনা নাকচ করলেন টিম। ইন্ডিওয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু সিনেমা আছে, যার সিকুয়াল আমি করতে চাই না। না চাওয়ার কারণ হলো আমার মনে হয়, ওগুলো একক সিনেমা হিসেবেই ভালো। কিছু সিনেমার সিকুয়াল হয় না। আমি সেভাবেই ভেবেছি। যেমন ‘‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’’ একটা একক সিনেমা। এর কোনো সিকুয়ালের প্রয়োজন মনে করি না। এ ধরনের সিনেমাগুলোকে নিজের মতো রেখে দেয়াই ভালো।’
জনি ডেপকে নিয়ে সর্বশেষ ‘ডার্ক শ্যাডোজ’ নির্মাণ করেন টিম। কিন্তু অভিনেতা হিসেবে জনিকে পছন্দ করেন। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘এড উড’ (১৯৯৪), ‘স্লিপি হোলো’ (১৯৯৯), ‘কর্পস ব্রাইড’ (২০০৫), ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ (২০০৫), ‘সুইনি টড: দ্য ডিমন বারবার অব ফ্লিট স্ট্রিট’ (২০০৭) ও ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’।
জনির সঙ্গে আর কোনো সিনেমা নির্মাণ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে টিম বলেন, ‘অবশ্যই তাকে নিয়ে সিনেমা হবে। এমনিতে আমি কখনো চিন্তা করি না যে অমুক অভিনেতাকে নেব, অমুককে বাদ দেব। আমার চিত্রনাট্যের ওপর নির্ভর করে অভিনেতা বাছাই করি। সিনেমা আসলে এভাবেই তৈরি হয়। কেউ যুক্ত হয়, কেউ বাদ পড়ে।’
বিটলজুসের সিকুয়ালে তিনি ফিরিয়েছিলেন মাইকেল কিটনকে। সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি পায় এবং ওপেনিংয়ে তুলে নেয় ১১ কোটি ডলার। মোট আয় হয় ৪৫ কোটি ডলার। ৩৫ বছর পর সিনেমার সিকুয়াল করা নিয়ে টিম বলেন, ‘আমি কখনো চিন্তা করিনি সিকুয়াল করব। কিন্তু একটা সময় এ নিয়ে কথা শুরু হয়। তখন মনে হলো বিটলজুসের দুনিয়ায় ঘুরে আসা যায় আরেকবার।’
সূত্র ও ছবি: ভ্যারাইটি










