প্রিয় অভিনেতা রজনীকান্ত জনপ্রিয় আন্তর্জাতিক শো ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’-এ অংশ নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টেলিভিশনে আত্মপ্রকাশ করছেন এমন খবর শোনার পর তার ভক্তরা খানিকটা সময়ের জন্য হলেও যেন স্বপ্নের রাজ্যে ভেসে বেরিয়েছিলেন।

রজনীকান্ত সম্প্রতি কর্ণাটক রাজ্যের বান্দিপুর জাতীয় উদ্যানে বিয়ারের সঙ্গে তার পর্বের শুটিং শেষ করেছেন এবং এ নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসংখ্য ধন্যবাদ প্রিয় বিয়ার গ্রিলস অবিস্মরণীয় এক অভিজ্ঞতার জন্য... ভালোবাসা তোমার প্রতি।’

এ রকম এক মুহূর্তে সবাই যখন অপেক্ষা করছেন কবে নাগাদ এ অনুষ্ঠানটি প্রচারে আসবে, ঠিক তখনই পরিবেশবাদী সংগঠনগুলোর কয়েকজন অ্যাক্টিভিস্ট বনের ভেতর রজনীকান্তের শুটিং করা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং রজনীকান্তের শাস্তির দাবি তুলেছেন।

টাইমস অব ইন্ডিয়ার সংবাদ অনুযায়ী, বনের মধ্যে এভাবে শুটিং করায় বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট রজনীকান্তকে গ্রেফতারের দাবি তুলেছেন। অভিযোগ জানিয়ে তারা দাবি করেছেন, সুপারস্টার রজনীকান্ত বনের ভেতর যেখানে পশুপাখির আবাসস্থল, সেখানে শুটিং করায় পরিবেশের ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে কর্ণাটকের বাঘ সংরক্ষণ প্রকল্প বান্দিপুর ন্যাশনাল পার্কে শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলে বিয়ার গ্রিলস ও রজনীকান্ত। বান্দিপুর জাতীয় উদ্যানে ডিসকভারি চ্যানেলকে শুটিংয়ের জন্য দিনে ৬-৭ ঘণ্টা অনুমতি দেয়া হয়েছিল। মঙ্গলবার শুটিং শুরু হয় বেলা ১১টায় ও শেষ হয় বিকাল ৪টা নাগাদ। নিয়ম মেনে তারা প্রতিদিন পার্কে ডকুমেন্টারি ফি দিয়েছেন। এছাড়া গাড়ি ভাড়া ও অন্যান্য ফিও দিয়েছেন, মোট চারদিন ধরে চলে শুটিং। আর এজন্য চ্যানেলটি পার্ককে দিয়েছে প্রায় ১০ লাখ টাকা।

মজার ব্যাপার হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর রজনীকান্তই দ্বিতীয় ব্যক্তি, যিনি বিয়ার গ্রিলের শোয়ে হাজির হয়েছেন। তাদের পথ ধরে পরবর্তী সময়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমারও বিয়ারের শোয়ে যুক্ত হয়েছেন। এদিকে রজনীকান্তকে সামনে দেখা যাবে থালাইভার ১৬৮ ছবিতে। ছবিটিতে আরো অভিনয় করেছেন খুশবু সুন্দর, মিনা, কীর্তি সুরেশ, প্রকাশ ঝাঁ।

 

সূত্র: ডিএনএইন্ডিয়া