দুটি সিনেমায় অভিনয় করেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’ দিয়েই দর্শকের মনে ঠাঁই করে নিয়েছেন। দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’তে অভিনয় করে যেন একজন অভিনেত্রী হিসেবেও স্বীকৃতি পেলেন। নীলচক্র সিনেমাটিও দর্শকের প্রশংসা পেয়েছে। মন্দিরা নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছেন। দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, তাতে মুগ্ধ তিনি। নীলচক্র মুক্তির পর তার কাছে আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে। প্রাথমিকভাবে বেশ কয়েকটি সিনেমার গল্প শোনার পর মন্দিরা জানান, এর মধ্যে দুটি সিনেমার গল্প তার পছন্দ হয়েছে। সময়টা তার কাটছে ওই দুটো সিনেমার গল্প পড়ে। মন দিয়ে তিনি সিনেমার গল্পগুলো পড়ছেন, নিজের চরিত্রটিও ঠিকমতো বোঝার চেষ্টা করছেন। যদি সব মিলিয়ে ভালো লেগে যায়, তাহলে শিগগিরই মন্দিরার পক্ষ থেকে ঘোষণা আসবে নতুন সিনেমায় অভিনয় করার। মন্দিরা চক্রবর্ত্তী বলেন, ‘আমি আগেও বলেছি যে সিনেমায় কাজ করার ব্যাপারে অর্থ বা সম্মানী আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গল্প এবং আমি যে চরিত্রে অভিনয় করব সে চরিত্র। নীলচক্র মুক্তির পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। তার মধ্যে দুটি সিনেমার গল্প শুনে আমার কাছে ভালো লেগেছে। দেখা যাক শেষমেষ কী হয়। তবে আমি আমার ভক্ত-দর্শককে নিরাশ করতে চাই না। যে কারণে গল্পের প্রতি ও আমার চরিত্রের প্রতি মনোযোগ দিচ্ছি। আশা করছি, এ বছরই নতুন আরো একটি সিনেমার কাজ শুরু করতে পারব। আমি কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের প্রতি, তারা আমার কাজল রেখার পর নীলচক্রও ভীষণ পছন্দ করেছেন। আগামী সপ্তাহে সিনেপ্লেক্সে সিনেমাটি আবারো প্রদর্শন করা হবে। তখন আশা করছি যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি তারা আবার হলে গিয়ে দেখবেন। আমি তো যাবই।’ উল্লেখ্য, চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহণের মধ্য দিয়ে খুলনার মেয়ে মন্দিরার মিডিয়ায় যাত্রা শুরু। এরপর তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হয়েছেন মিউজিক ভিডিওর মডেল। তবে তার স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। সে স্বপ্ন পূরণেই পাশে দাঁড়ালেন গিয়াস উদ্দিন সেলিম। সরকারী অনুদান পাওয়া কাজল রেখা সিনেমায় অভিনয় করেই নায়িকা হিসেবে অভিষেক হয় মন্দিরার। মিঠু খান পরিচালিত নীলচক্র তার অভিনীত দ্বিতীয় সিনেমা।
সম্মানী নয়, গল্প আর চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ
দুটি সিনেমায় অভিনয় করেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী।










