আলিয়ঁস ফ্রঁসেজ নিয়মিত আয়োজন করে প্রদর্শনীর। এবারো তারা নিয়ে এসেছে নতুন একটি প্রদর্শনী। তবে এবারের আয়োজনটি ভিন্ন ধারার। প্রদর্শনীর নাম ‘উত্থানের সাক্ষী’। মূলত জুলাই আন্দোলনের সময়কালের ছবি নিয়ে এ আয়োজন। তবে সবার নয়, আলোকচিত্র সাংবাদিক জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী এটি। নাম মূলত ‘উইটনেসিং দ্য আপরাইজিং’ বা ‘উত্থানের সাক্ষী’।

প্রদর্শনীটিতে রয়েছে এমন কিছু শক্তিশালী ও গভীর প্রভাব বিস্তারকারী আলোকচিত্র, যা সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসের এক অস্থির ও গুরুত্বপূর্ণ সময়কালকে নিবিড়ভাবে তুলে ধরে। জীবন আহমেদের বই উইটনেসিং দ্য আপরাইজিং বা উত্থানের সাক্ষী থেকে নির্বাচিত এ সব আলোকচিত্র ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণ-আন্দোলনের ধারাবাহিকতা ও প্রতিরোধ আন্দোলনের চিত্র উপস্থাপন করে। প্রদর্শনীতে রাজনৈতিক অস্থিরতা, প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে চিহ্নিত একটি সময় উঠে এসেছে।

মাশরুক আহমেদের সম্পাদনা ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও নেত্র নিউজের যৌথ প্রকাশনায় প্রকাশিত ৩৫০ পৃষ্ঠার এ গ্রন্থে স্থান পেয়েছে ১৭০টিরও অধিক আলোকচিত্র ও লেখকের ব্যক্তিগত জার্নাল এন্ট্রি। ঘটনাস্থলে কর্মরত অবস্থায়, এমনকি আত্মগোপনে থেকেও জীবন আহমেদ এ ছবিগুলো ধারণ করেছেন। তার তোলা প্রতিটি ছবি সেই সময়ের প্রত্যক্ষ ও আবেগঘন চিত্র তুলে ধরে। একটি জাতির ক্রান্তিকালে জ্বলন্ত সাক্ষ্য বলা যায় আলোকচিত্রগুলোকে।

এ প্রদর্শনী আলোকচিত্র সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। বিশেষত এমন সময়ে ছবিগুলো তোলা হয়, যখন সত্য ও ইতিহাস রক্ষার প্রয়োজনে ঝুঁকি গ্রহণ করা অপরিহার্য হয়ে উঠেছিল। এটি তাদের সাহসিকতাকে সম্মান জানায়, যারা ক্যামেরাকে অস্ত্র করে বাস্তবতা ধারণ ও প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রদর্শনীটি কিউরেট করেছেন মাশরুক আহমেদ। সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন আম্বিয়া রহমান শাখি ও তানভীর অভি। প্রদর্শনীর পাঠ ভাষ্য রচনা করেছেন পার্থ সেন গুপ্ত। ৭ আগস্ট শুরু হওয়া প্রদর্শনীটি আগামীকাল শেষ হবে।